সুমনের দুর্দান্ত বোলিং, অল্পেই অলআউট আয়ারল্যান্ড

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে আজ মাঠে নামে বাংলাদেশ ইমার্জিং দল ও আয়ারল্যান্ড উলভস। বোলারদের দাপুটে ১৮২ রানেই অলআউট আয়ারল্যান্ড। সিরিজ জিততে বাংলাদেশের প্রয়োজন ১৮৩ রান।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়েছে আইরিশরা। দলীয় ১৪ রানে প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড। ১১ রানে স্টেফেন ডহেনিকে সাঝঘরে ফিরিয়ে বাংলাদেশের পক্ষে প্রথম উইকেট নেন মুকিদুল ইসলাম মুগ্ধ।

এরপর আইরিশ শিবিরে তাণ্ডব চালান সুমন খান। ২ ওভারে ৩ উইকেট শিকার করেন তিনি। ২৬ বলে ১৬ রান করে আকবর আলীর হাতে ক্যাচ দিয়ে সুমনের প্রথম শিকার হন জেরেমি ললর। ওই ওভারেই আইরিশ অধিনায়ক হ্যারি ট্যাক্টর আকবরের হাতে ধরা পড়ে রানের খাতা না খুলে ফিরেন।

সুমনের তৃতীয় শিকার হন কার্টিস ক্যাম্ফার। তিনি ৫ রান করে সাঝঘরে ফিরেন। দ্রুত উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে আইরিশরা। সেখান থেকে দলকে তোলার দায়িত্ব নেন মার্ক অ্যাডায়ার ও লরকান ট্যাকার।

কিন্তু দলীয় ১০০ রানে ও ব্যক্তিগত ৪০ রানে রাকিবুল হাসানের শিকার হয়ে ফিরেন অ্যাডায়ার। অন্যদিকে ২৪ রান করে রাকিবুলের দ্বিতীয় শিকার হয়ে ফিরেন ট্যাকার। গ্যারেথ ডিলানিকে ফিরিয়ে আইরিশদের সপ্তম উইকেটের পতন ঘটান মুগ্ধ।

১১২ রানে ৭ উইকেট হারায় তারা। এরপর রুহান প্রিটোরিয়াস ও গ্রাহাম হিউম ৫৭ রানের জুটি গড়েন। ৩৫ রান করে সাইফ হাসানের বলে রিশাদ হোসেনকে ক্যাচ দিয়ে ফিরেন প্রিটোরিয়াস। এরপর আর বেশিক্ষণ টিকেনি আয়ারল্যান্ডের ইনিংস।

পরের ওভারে বেন হোয়াইটকে সাঝঘরে পাঠান সাইফ। অন্যদিকে ৬ রান করে সুমনের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথে হাঁটেন পিটার চেজ। এর ফলে ৪৬.২ ওভারে ১৮২ রানে অলআউট হয়ে যায় আইরিশরা। বাংলাদেশের পক্ষে সুমন ৪টি, রাকিবুল, সাইফ ও মুগ্ধ ২টি করে উইকেট শিকার করেন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর