পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ ইমার্জিং দল ও আয়ারল্যান্ড উলভস। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়েছে আইরিশরা।
দলীয় ১৪ রানে প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড। ১১ রানে স্টেফেন ডহেনিকে সাঝঘরে ফিরিয়ে বাংলাদেশের পক্ষে প্রথম উইকেট নেন মুকিদুল ইসলাম মুগ্ধ। এরপর আইরিশ শিবিরে তাণ্ডব চালান সুমন খান। ২ ওভারে ৩ উইকেট শিকার করেন তিনি।
২৬ বলে ১৬ রান করে আকবর আলীর হাতে ক্যাচ দিয়ে সুমনের প্রথম শিকার হন জেরেমি ললর। ওই ওভারেই আইরিশ অধিনায়ক হ্যারি ট্যাক্টর আকবরের হাতে ধরা পড়ে রানের খাতা না খুলে ফিরেন।
সুমনের তৃতীয় শিকার হন কার্টিস ক্যাম্ফার। তিনি ৫ রান করে সাঝঘরে ফিরেন। দ্রুত উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে আইরিশরা। সেখান থেকে দলকে তোলার দায়িত্ব নেন মার্ক অ্যাডায়ার ও লরকান ট্যাকার।
কিন্তু দলীয় ১০০ রানে ও ব্যক্তিগত ৪০ রানে রাকিবুল হাসানের শিকার হয়ে ফিরেন অ্যাডায়ার। অন্যদিকে ২৪ রান করে রাকিবুলের দ্বিতীয় শিকার হয়ে ফিরেন ট্যাকার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ ২৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৭ রান। সুমন ৩টি, রাকিবুল ২টি ও মুকিদুল ১টি উইকেট শিকার করেছেন।
বার্তাবাজার/নব