কিছুদিন আগেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ দল। উইন্ডিজদের নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডার না থাকায় তাদের নেতৃত্বে ছিলেন ক্রেইগ ব্র্যাথওয়েট।
তার নেতৃত্বে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে ক্যারিবিয়ানরা। এবার পুরষ্কার হিসেবে স্থায়ীভাবে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ব্র্যাথওয়েট। হোল্ডারকে সরিয়ে ব্র্যাথওয়েটকে অধিনায়কের দায়িত্ব দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের মতো প্রতিকূল পরিবেশে দুর্দান্ত খেলে দুই ম্যাচেই জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দলের সাফল্যের পেছনে বড় ভূমিকা ছিল ব্র্যাথওয়েটের। যার ফলও পেয়েছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে দলকে নেতৃত্ব দিবেন তিনি।
স্থায়ীভাবে অধিনায়কের দায়িত্ব পেয়ে ব্র্যাথওয়েট বলেন, ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলের দায়িত্ব পাওয়া আমার জন্য অনেক বড় সম্মানের। আমি খুবই গর্বিত এবং আমাকে এই কাজের জন্য উপযুক্ত মনে করায় বোর্ডের প্রতি কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ জয় ছিল অসাধারণ। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজের জন্য আমি মুখিয়ে আছি। আমার বিশ্বাস এই দলটি ভবিষ্যতে আরও বেশি অর্জন এনে দিতে পারবে।
বার্তাবাজার/নব