উন্নত জাতি গড়তে সুস্থ মা ও শিশু আবশ্যক: ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, মা সুস্থ থাকলে শিশুও সুস্থ হয় আর শিশুরা সুস্থ থাকলে শক্তিশালী জাতি গঠিত হয়। উন্নত জাতি গড়তে হলে সুস্থ মা ও শিশু আবশ্যক। তাই মা ও সন্তানের সুস্থতার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্য পুওরেস্ট (আইএসপিপি)-যত্ন নামের বিশেষ প্রকল্প বাস্তবায়ন করছে।

প্রতিমন্ত্রী বৃহস্পতিবার (১১ মার্চ) জামালপুরের ইসলামপুরে বলিয়াদহ উচ্চ বিদ্যালয় মাঠে চিনাডুলী ইউনিয়ন পরিষদ আয়োজিত আইএসপিপি প্রকল্পের উপকারভোগীদের মাঝে পোস্টাল ক্যাশ কার্ড বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অন্তঃসত্ত্বা ও প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত হলে শিশুর শারীরিক বিকাশ নিশ্চিত হবে। নারীর ক্ষমতায়ন হবে। স্থানীয় সরকারের সক্ষমতা বৃদ্ধি পাবে।

তিনি বলেন, আইএসপিপি প্রকল্পের কার্যক্রম বাংলাদেশের রংপুর ও ময়মনসিংহ বিভাগের মোট ৭টি জেলার ৪৩টি উপজেলার ৪৪৪টি ইউনিয়নে ২০১৬ সাল হতে পরিচালিত হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে অতি দরিদ্র পরিবারের মা ও পাঁচ বছরের কম বয়সী শিশুদের দৈহিক ও মানসিক বিকাশ সাধনের জন্য স্বাস্থ্য সেবা গ্রহণের শর্তে নগদ অর্থ প্রদান করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী একজন মা। মায়ের সুস্থতা ও সন্তানের ভবিষ্যতের জন্য কী প্রয়োজন তা ভালোভাবে উপলব্দি করেন বলেই তিনি মা ও সন্তানের কল্যাণে নিবেদিত এ ধরনের কার্যক্রম পরিচালনা করছেন।

তিনি বলেন, এই প্রকল্পের আওতায় ইসলামপুর উপজেলায় অতিদরিদ্র পরিবারের মোট ১৩ হাজার ৭৩৭ জন অন্তঃসস্ত্ব্বা মা ও শিশু এবং চিনাডুলী ইউনিয়নের ১২ হাজার ৯৫ জন উপকারভোগী মা ও শিশু নির্দিষ্ট পরিমাণ আর্থিক সুবিধা পাবেন।

ইসলামপুর উপজেলা নিবার্হী অফিসার এস এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জামাল আব্দুল নাসের চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক চায়না, বাংলাদেশ আওয়ামী লীগ ইসলামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম, চিনাডুলী ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান আব্দুস ছালাম প্রমুখ।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর