যৌতুকের জন্য স্ত্রীর গায়ে আগুন

বগুড়ার শেরপুরের হাপুনিয়া গ্রামে যৌতুকের টাকা না দেয়ায় স্ত্রী অঞ্জলি খাতুনের (১৮) গায়ে আগুন দিয়ে হত্যার চেষ্টা করেছে স্বামী বুলবুল মিয়া (২৪)। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রায় দেড় বছর আগে বগুড়ার শাজাহানপুর উপজেলার বিষ্ণপুর গ্রামের বাবলু মিয়ার ছেলে মোহাম্মাদ বুলবুল মিয়ার সঙ্গে শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের হাপুনিয়া গ্রামের উজ্জ্বল হোসেনের মেয়ে অঞ্জলি খাতুনের বিয়ে হয়। বিয়েতে নির্ধারিত যৌতুকের মধ্যে ৩০ হাজার টাকা দিতে ব্যর্থ হয় অঞ্জলির বাবা। এ টাকার জন্য স্ত্রীকে বেধড়ক মারপিট করে স্বামী বুলবুল মিয়া।

এরই একপর্যায়ে স্বামী ও শ্বশুরের নির্যাতন সহ্য করতে না পেরে অঞ্জলি অন্তঃসত্ত্বা অবস্থায় বাপের বাড়ি চলে আসেন। বুলবুল শ্বশুরবাড়িতে এসে যৌতুকের টাকার জন্য নির্যাতন করে। এক সময় স্বামী-স্ত্রীর মধ্যে সমঝোতার পর বুধবার দুপুরে অঞ্জলিকে ১০০ টাকা দিয়ে কেরোসিন তেল নিয়ে বাড়িতে যেতে বলে।

বাড়ি যাওয়ার পথে বুলবুল এগিয়ে দেয়ার কথা বলে হাপুনিয়া গ্রামের ইদ্রিস আলীর বাড়ির ভিতরে নিয়ে গিয়ে অঞ্জলির গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়। অগ্নিদগ্ধ অঞ্জলির চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

এ ব্যাপারে শেরপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, এ ঘটনার তদন্ত করা হচ্ছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর