অর্থআত্মসাৎ জালিয়াত ও প্রবঞ্চনার অভিযোগ এনে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে বেলকুচি পৌর এলাকার ব্যবসায়ী সামছুল হক বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলাটির শুনানি শেষে জেলা জজ আদালতের বিচারক ফজলে খোদা মোহাম্মদ নাজির মামলাটির আদেশের জন্য পরবর্তী দিন ধার্য করেছেন। ইসলামী ব্যাংক বাদীর সাথে ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইনের সুস্পষ্ট লঙ্ঘন করেছে বলে তিনি এ মামলা করেছেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, ইসলামী ব্যাংক বেলকুচি শাখার গ্রাহক সামছুল হক ইতিপূর্বে অন্য আরো দুটি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে পণ্য আমদানি করছিলেন। এ অবস্থায় ইসলামী ব্যাংকের বেলকুচি শাখার ব্যবস্থাপক তাকে অন্যান্য ব্যাংকের সাথে লেনদেন বন্ধ করে তার ব্যাংকের মাধ্যমে পণ্য আমদানি কাজ পরিচালনা করতে প্রস্তাব দেন। এর জন্য তাকে অন্য ব্যংকের চেয়ে বেশি ঋন সুবিধা তৈরী করে দেবার প্রতিশ্রুতি ও দেন ।
এ প্রস্তাবে রাজি হয়ে ব্যবসায়ী সামছুল অন্যান্য ব্যাংকের সাথে হিসাব চুকিয়ে এক মাত্র ইসলামী ব্যাংক বেলকুচি শাখার মাধ্যমে ব্যবসা পরিচালনা করতে থাকেন। পরবর্তীতে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের প্রস্তাব অনুযায়ী ঋন সুবিধা বৃদ্ধির কথা থাকলেও ব্যাংকটি তা করেনি। বরং আমদানিকৃত মালামাল কাস্টম থেকে সঠিক সময়ে ছাড় করাতে অনুমোদন না দিয়ে উল্টো অধিক হারে লভ্যাংশ গ্রহন করেছে ।
এইভাবে অন্তত পাঁচটি অভিযোগ এর বর্ণনা উল্লেখ করে পাঁচ পৃষ্ঠার আবেদনে তিনি এই ব্যাংকটির এই শাখা তাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগসাজশে নানা ভাবে দীর্ঘ দিন ধরে প্রতারিত করে আসছিল বলে উল্লেখ করেছেন। আমদানিকারক ব্যবসায়ী সামছুল হকের সাথে বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেড কর্তৃপক্ষ অর্থ আত্মসাৎ, জালিয়াতি, প্রবঞ্চনা সহ মাস্তান প্রকৃতির আচরন করে তার অর্থনৈতিক ক্ষতি সাধন করেছে বলে আর্জিতে অভিযোগ আনা হয়েছে।
মামলাটির বাদী পক্ষের কৌঁসুলি নজরুল ইসলাম বার্তা বাজারকে জানান, একটি আর্থিক প্রতিষ্ঠান তার গ্রাহক সদস্যের সাথে এমন প্রতারনা করবে এমনটি আশা করা যায় না। যে কারনে মামলাটি আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ ইনটেলিজেন্ট ফাইন্যাসন্স ইউনিটকে দিয়ে (বিআইএফইউ) তদন্তু পূর্বক ব্যবস্থা গ্রহনের আবেদন করা হয়েছে। শুনানি শেষে আদালত সেটি আমলেও নিয়েছেন।
সরকারী পক্ষের কৌঁসুলি আব্দুর রহমান জানান, আদালত মামলাটির শুনানি শেষে আদেশের জন্য দিন ধার্য রেখেছেন।
এম এ মালেক/বার্তাবাজার/হৃ.আর