সিরাজগঞ্জে সেবা ট্রেনিং সেন্টার নামের ভূয়া সংস্থা প্রতারণার ফাঁদ পেতে বিভিন্ন প্রশিক্ষণের নাম করে নারীদের নিকট থেকে হাজার হাজার টাকা নিয়ে উধাও হয়ে গেছে। বুধবার (১০ মার্চ ২১) রাতে শহরের দরগা রোডে অবস্থিত (মেডিনোভা হাসপাতালের) সামনে আব্দুল মালেকের বাসায় এই ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১১ মার্চ ) সকালে এমন প্রতারণার শিকার হয়ে সেবা ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালককেই দায়ী করছেন ভুক্তভোগীরা। প্রশিক্ষনের জন্য ভর্তি হওয়া শহরের হোসেনপুর সারিকা খাতুন ছন্দা, বাড়ির মালিকের মেয়ে রিমোনী, শহীদনগর মহল্লার মোছাঃ রাশিদা খাতুন, নতুন ভাঙ্গাবাড়ীর সাদিয়া খাতুনসহ একাধিক নারী অভিযোগ করে বলেন, সেবা ট্রেনিং সেন্টার নামে একটি সংস্থা সেলাই, কম্পিউটার প্রশিক্ষণের নাম করে তিন মাসের কোর্সে ভর্তি আবেদন ফরম বাবদ প্রথমে আমাদের নিকট থেকে জনপ্রতি দুই হাজার পঞ্চাশ টাকা করে নেয়। এভাবে প্রায় ২৫০ জন নারী ভর্তি হয়। সব মিলে এই চক্র ৫ লক্ষ টাকা নিয়ে উধাও হয়েছে। ওই প্রতিষ্ঠানে নির্বাহী পরিচালক হচ্ছে মিজানুর রহমান।
জানা যায় এমন ভুয়া সংস্থাটির পরিচয় এবং নাম ঠিকানা যাচাই বাচাই না করে শহরের দরগা রোডে অবস্থিত (মেডিনোভা হাসপাতালের) সামনে আব্দুল মালেক তার বাসায় ভাড়া দিয়েছিলো।
ভুক্তভোগীরা আরও জানান, গত ১ ফেব্রুয়ারী ২০২১ তারিখে জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি দেখে পরিচালকের ০১৮২১-২২২৭৯৫ নাম্বারে যোগাযোগ করে সবাই। পরে তিনি সবাইকে অফিসে যোগাযোগ করতে বলেন। পরে অফিসে এসে বিস্তারিত আলোচনার মাধ্যমে ভর্তি হয়। তিনি আমাদের ৪৮ জনকে স্টাফ হিসেবে প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ারও কথা বলে। কমিশনের মাধ্যমে নারীদের ভর্তি করা জন্য বলেন। পরে আমরা বাকী ২’শ জনকে ভর্তি করি। সেখানে শর্তে বলা হয়েছে ভর্তি হলেই সেলাই মেশিন ফি। কিন্তু ভর্তি হওয়ার ১ মাস পার হলেও আমাদের কোন নিয়োগপত্র ও নারীদের কোন সেলাই মেশিন দেয়নি।
বাড়ির মালিক আব্দুল মালেক বলেন, সেবা ট্রেনিং নামের সংস্থাটি ভুয়া কিনা আমার জানা ছিলোনা। তবে তাদের দেয়া একটি লিপলেটে সরকার অনুমোদিত, লাইন্সেস নাম্বার-০০৪০১ লেখা রয়েছে। সেই অনুযায়ী ওই প্রতিষ্ঠানকে আমি ভাড়া দিয়েছিলাম। তিনি আরো জানান, ভাড়া নেওয়ার সময় সেবা ট্রেনিং সেন্টারের নির্বাহী পরিচালক মিজানুর রহমান, পিতা মৃত আব্দুর রাজ্জাক মোল্ল্যা, মাতা-মেহেরুন্নেছা বেগম (মহরা), সাকিন ২০০-৭ (আমলীর টেক), পশ্চিম আগারগাও উত্তর অংশ, ডাকঘর মোহাম্মদপুর-১২০৭, মোহাম্মদপুর, ঢাকা সিটি কর্পোরেশন ঠিকানা দেয়।
সেবা ট্রেনিং সেন্টারের নির্বাহী পরিচালক মিজানুর রহমান এর ব্যবহৃত ০১৮২১-২২২৭৯৫ নম্বরে ফোন দিলে ফোন বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, বিষয়টি অবগত হয়েছি। ভুক্তভোগীরা অভিযোগ দিলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সদর উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ জানান, বিষয়টি আমি শুনেছি। পুলিশকে অবগত করেছি। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
এম এ মালেক/বার্তাবাজার/ভি.এস