পাবনায় অটোভ্যানের ধাক্কা শিশুসহ ২ জন নিহত

পাবনার চাটমোহর উপজেলায় ব্যাটারিচালিত অটোভ্যানের ধাক্কায় দুটি পৃথক দুর্ঘটনায় সুমাইয়া আক্তার (৬) নামের এক শিশু ও জুলেখা বেগম (৫২) নামের এক বৃদ্ধা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১১ মার্চ ২০২১) বিকেল ৩টার দিকে উপজেলায় পৃথক দুটি স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুটি ঘটনায় কেউ আহত হওয়ার খবর জানা যায়নি।

চাটমোহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিশু সুমাইয়া বিলচলন ইউনিয়নের বোঁথর গ্রামের সাগর ইসলামের মেয়ে ও নিহত জুলেখা মথুরাপুর ইউনিয়ন পরিষদ এলাকার নুরুল করিমের স্ত্রী।

চাটমোহর থানার ডিউটি অফিসার এস.এ জাহাঙ্গীর জানান, বৃহস্পতিবার ৩টার দিকে বিলচলন ইউনিয়নের বোঁথর গ্রামে শিশু সুমাইয়া নিজ বাড়িতে তার দাদার অটোভ্যানে চড়ে চাবি অন করে। এরপর অটোভ্যানের পাওয়ার সুইচে টিপ দিলে ভ্যানটি চালু হয়ে পাশের একটি গাছের সাথে গিয়ে ধাক্কা খায়। এসময় শিশুটি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হলে পরিবারের লোকেরা তাকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে মথুরাপুর ইউনিয়নের মিশন গেট সংলগ্ন এলাকার চাটমোহর-পাবনা মহাসড়কের রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুতগামী একটি অটোভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন জুলেখা বেগম। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। ডিউটি অফিসার জানান, দুটি ঘটনা প্রায় একই সময়ে ঘটেছে।

চাটমোহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম বলেন, ঘটনার পর পরই দুটি মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসে সুরতহাল শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মোঃমাসুদ রানা/বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর