গুনাথিলাকার ‘অবস্ট্রাক্টিং দ্যা ফিল্ড’ আউট নিয়ে ক্রিকেটবিশ্বে তোলপাড়

ক্রিকেটে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট খুব একটা দেখা যায় না। এখন পর্যন্ত এই আউটের শিকার হয়েছেন মাত্র ১১ ক্রিকেটার। সর্বশেষ এ তালিকায় নাম লেখান শ্রীলঙ্কান ওপেনার দানুশকা গুনাথিলাকা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৬১ বলে ৫৫ রান করে দারুণভাবে লড়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু এমন সময় ‘অবস্ট্রাক্টিং দ্যা ফিল্ড’ এর শিকার হন তিনি। তবে তার আউট নিয়ে টুইটারে ঝড় বয়ে যাচ্ছে।

ম্যাচের ২২তম ওভারে উইন্ডিজ অধিনায়ক কাইরন পোলার্ডের একটি ডেলিভারি ডিফেন্স করে রান নিতে চেয়েছিলেন গুনাথিলাকা। কিন্তু রান না নিয়ে তিনি উল্টোভাবে পপিং ক্রিজে প্রবেশ করেন। এ সময় তার পায়ে বল লেগে সরে যায়।

এতেই রান আউটের সুযোগ হাতছাড়া হয়েছে এমন দাবি জানিয়ে আউটের আবেদন করেন পোলার্ড। তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত দিলে মাঠ ছাড়তে হয় তাকে। এই আউট নিয়ে ক্রিকেট দুনিয়ায় ঝড় বয়ে যাচ্ছে।

অনেকেই দাবি করছেন গুনাথিলাকা ইচ্ছে করে এমনটি করেননি। এমনকি অনেকেই পোলার্ডের স্পোর্টসম্যানশিপ নিয়েও প্রশ্ন তুলেছেন।

ওয়েস্ট ইন্ডিজের দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা অধিনায়ক ড্যারেন স্যামি ঘটনাটি গুনাথিলাকার ইচ্ছাকৃত নয় দাবি করেন। পোলার্ডের জায়গায় তিনি থাকলে এমনটি করতেন না বলেও জানান তিনি।

রাসেল আর্নল্ড, মাইকেল ভন, ড্যারেন স্যামি, ডেইল স্টেনের মতো তারকারা বিরোধিতা করেছেন। তবে বিষয়টি গুনাথিলাকা ইচ্ছাকৃত করেছে বলে মত দিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান স্পিনার ব্রাড হজ।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর