সেতুমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন ক্ষমতার রাজনীতি থেকে ছিটকে পড়ে দিশেহারা পথিকের মতো হয়ে গেছে। তারা এখন নিজেদের ব্যর্থতার দায় অন্যের ওপর চাপাতে ব্যস্ত।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে প্রতিপক্ষ হিসেবে জনগণ ও পুলিশকে দাঁড় করিয়েছে। অব্যাহত ব্যর্থতা আর ক্ষমতার রাজনীতি থেকে ছিটকে পড়ে বিএনপি এখন দিশেহারা পথিকের মতো।
বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি। ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন।
দেশের প্রতিটি জনপদ এখন উন্নয়নে দৃশ্যমান মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকার জনগণের জন্য অবিরাম কাজ করে যাচ্ছে বলেই জনগণ ভোট দিচ্ছে।
এ সময় নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে আওয়ামী লীগের দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে।
অনিয়ম, দুর্নীতি ও শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে কেউ জড়িত থাকলে ছাড় দেওয়ার প্রশ্নই উঠে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।
আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোকসেদ আলী মন্ডলের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এসএম কামাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানাসহ স্থানীয় সংসদ সদস্যগণ এবং জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
বার্তাবাজার/ভি.এস