সাহস করে মামলা করার জন্য কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে অভিবাদন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১১ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। এমনকি এই আইনে আটক সবাইকে অবিলম্বে মুক্তি দিতে হবে। আমি কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে সাবাস দিতে চাই, কারণ তিনি সাহস করে মামলা করেছেন।
তিনি আরও বলেন, আজকে এই সাহস নিয়ে অন্ধকারকে দূর করার জন্য, এই স্বৈরাচারকে দূর করার জন্য এবং যারা আমাদের গণতান্ত্রিক অধিকারগুলোকে কেড়ে নিয়েছে তাদের পরাজিত করার জন্য সাহস নিয়ে গণতান্ত্রিকভাবে রাজপথে সোচ্চার হতে হবে।
সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিন, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করুন, ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার করতে হবে।
বার্তাবাজার/নব