প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই। তারা আমাদের ওপর বিশ্বাস রেখে আমাদের সেবা করার সুযোগ দিয়েছেন। টানা ক্ষমতায় থাকায় উন্নয়ন করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, যারা দেশের স্বাধীনতাই চায়নি তারা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে এমনটা আশা করা যায় না। তারা ক্ষমতায় ছিল বলেই ১৫ আগস্টের পর দেশের উন্নয়ন হয়নি, দেশ এগোয়নি।
বৃহস্পতিবার (১১ মার্চ) ভিডিও কনফারেন্সে দেশের ২০ জেলার ৭০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘কমিউনিটি ভিশন সেন্টার’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে মানুষ ঘরে বসেই টেলিমেডিসিনের সেবা পাচ্ছেন। এখন আর চিকিৎসা সেবার জন্য বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হয় না। দেশের মানুষ যাতে চক্ষু চিকিৎসাসেবা ব্যবস্থাও ঘরে বসে পেতে পারেন এ জন্য সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, করোনা থেকে সুরক্ষা পেতে ভ্যাকসিনের পাশাপাশি আমাদের স্বাস্থ্যবিধিও মেনে চলতে হবে। ভ্যাকসিন নেওয়ার সময় অবশ্যই নিবন্ধন করতে হবে। এ ক্ষেত্রে যেন কোনো প্রকার বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
বার্তাবাজার/নব