ঘরের মাঠে ইংল্যান্ডকে চার ম্যাচের টেস্ট সিরিজে ৩-১ ব্যবধানে হারিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত। এবার তাদের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নামবে ভারত।
আগামীকাল শুক্রবার (১২ মার্চ) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে দুইদল। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি। এই সিরিজে দারুণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
এই সিরিজে বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩ হাজার রানের মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন কোহলি। ৩ হাজার রান থেকে মাত্র ৭২ রান দূরে আছেন তিনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোহলির রান ২ হাজার ৯২৮। ৮৫ ম্যাচে ২৫ হাফসেঞ্চুরিতে এ রান করেছেন কোহলি। ৯৯ ম্যাচে ২ সেঞ্চুরি ও ১৭ হাফসেঞ্চুরিতে ২ হাজার ৮২৯ রান করে তালিকায় দুইয়ে আছেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল।
এ তালিকায় তিনে আছেন কোহলির স্বদেশি রোহিত শর্মা। ভারতীয় ওপেনার ১০৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে সবচেয়ে বেশি ৪টি সেঞ্চুরি ও ২১টি হাফসেঞ্চুরিতে ২ হাজার ৭৭৩ রান করেছেন।
বার্তাবাজার/নব