উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগে বুধবার রাতে প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) মুখোমুখি হয় বার্সেলোনা। প্রথম লেগে নিজেদের মাঠে ৪-১ গোলে হেরেছিল বার্সা।
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে চাইলে দ্বিতীয় লেগে ৪-০ গোলে জয়ের প্রয়োজন ছিল তাদের। তাতো হলই না বরং ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি। এতে দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে মেসিদের হারিয়ে কোয়ার্টার নিশ্চিত করেছে পিএসজি।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় পিএসজি। ম্যাচের ৩০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন প্রথম লেগে হ্যাটট্রিক করা কিলিয়ান এমবাপ্পে। তবে ৭ মিনিট পর সমতা ফেরান লিওনেল মেসি।
পেদ্রির পাস থেকে দূর পাল্লার শটে দারুণ এক গোল করেন মেসি। এরপর আরও একটি সুযোগ পেয়েছিল বার্সা। প্রথমার্ধের বিরতির আগে পেনাল্টি পেয়েছিল তারা। কিন্তু মেসির পেনাল্টি শট আটকে দেন পিএসজি গোলরক্ষক নাভাস।
এছাড়াও বেশ কয়েকটি সুযোগ মিস করেছে বার্সা। এতে শেষ পর্যন্ত দুই লেগ মিলে ৫-২ গোলে পিছিয়ে থাকায় কোয়ার্টার ফাইনালে যাওয়া হলো না বার্সার।
বার্তাবাজার/নব