বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে দেশের সব বিমানবন্দর। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে উন্নয়ন কাজ চলমান।
বুধবার (১০ মার্চ) চট্টগ্রামের শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এ উন্নয়ন কর্মকাণ্ড শেষ হলে দেশের বিমানবন্দরগুলো হবে যাত্রীদের জন্য আস্থা ও স্বস্তির জায়গা। যাত্রীদের সেবার মান উন্নয়নের মাধ্যমে যাত্রীদের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা কাজ করছি।
তিনি আরও বলেন, দেশের সকল বিমানবন্দর থেকে দিন-রাত ২৪ ঘণ্টা ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী দেশের সব বিমানবন্দর থেকে ২৪ ঘণ্টা ফ্লাইট অপারেট করতে কাজ চলছে। এ কাজ শেষ হলে দেশের প্রধান প্রধান পর্যটন গন্তব্যে পর্যটকদের যাতায়াত সহজ হবে।
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. হান্নান মিয়া, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুকেশ কুমার সরকার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (পরিচালনা) এয়ার কমোডর খালিদ হোসেন ও প্রধান প্রকৌশলী আ. মালেক উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/ই.এইচ.এম