২০ টাকার বিষে বিএনপি নেতার ৮ লাখ টাকার ক্ষতি

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় এক বিএনপি নেতা ও ইউপি সদস্যের পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় আট লাখ টাকার মাছ মারা গেছে। উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ভূস্কুর গ্রামে এ ঘটনা ঘটে।

বুধবার (১০ মার্চ) দুপুরে ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বার্তা বাজারকে তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হাকিম ভূস্কুর গ্রামে এক একর ৫৪ শতক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন। মঙ্গলবার রাতে যেকোনো সময় পুকুরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। পরে সকালে পুকুরের মাছ মরে ভেসে উঠতে থাকে। স্থানীয়রা দেখতে পেয়ে বিষয়টি ইউপি সদস্যকে খবর দেয়।

বিএনপি নেতা ও ইউপি সদস্য আব্দুল হাকিম বার্তা বাজারকে বলেন, গ্রামের বাড়ির নিজস্ব পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছি। কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করায় সব মাছ মরে ভেসে ওঠে। ২০ টাকার বিষে আমার আট লাখ টাকার ক্ষতি হয়ে গেল।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বার্তা বাজারকে বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।

নাজমুল হাসান/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর