কয়েলের আগুনে মারা গেলো ১১টি গরু ও ভেড়া

কুড়িগ্রামের উলিপুরে মশার কয়েলের আগুন থেকে ভয়াবহ অগ্নিকান্ডে ঘটনায় একই পরিবারের ৪টি গরু, ৭টি ভেড়াসহ ৩টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১০ মার্চ) ভোর রাতে চরবাগুয়া হকের চর গ্রামে এ ঘটনাটি ঘটে।

এ সময় আগুনের লেলিহান শিখায় ১৪টি গরু এবং ১০টি ভেড়া অগ্নিদগ্ধ হয়েছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, উপজেলার ব্রহ্মপুত্র নদ বিচ্ছিন্ন সাহবের আলগা ইউনিয়নের চরবাগুয়া হকের গ্রামের পল্লী চিকিৎসক আব্দুস সালামের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তিনি অন্যান্য দিনের মত রাতে গোয়াল ঘরে ১৮টি গরু ও ১৭টি ভেড়া রেখে মশা তাড়ানোর জন্য কয়েল লাগিয়ে দেন। এরপর তিনি রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। হঠাৎ করে বুধরাত ভোর রাতে প্রতিবেশিদের ডাক চিৎকারে আব্দুস সালাম ঘুম থেকে
উঠে গোয়াল ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখতে পান।

এরপর প্রতিবেশিদের সহযোগিতায় গরু ও ভেড়াগুলো উদ্ধারের চেষ্টা চালান। ততক্ষনে ৩টি ঘর, ৪টি গরু, ৭টি ভেড়া পুড়ে ছাই হয়ে যায়। এ সময় আগুনের লেলিহান শিখায় ১৪টি গরু এবং ১০টি ভেড়া অগ্নিদগ্ধ হয়। উদ্ধারকৃত গরু ও ভেড়া গুলির অবস্থা আশংকাজনক।

এলাকাবাসীর ধারনা কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। অগ্নিকান্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে খবর পেয়ে বুধবার দুপুরে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাসহ অনেকেই ঘটনাস্থলে যান।

সাহেবের আলগা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম হোসেন ঘটনার সত্যতা বার্তা বাজারকে নিশ্চিত করেছেন।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল আজিজ প্রধান বুধবার বিকালে ঘটনাস্থল থেকে মুঠোফোনে বার্তা বাজারকে জানান, অর্ধ অগ্নিদগ্ধ ও আংশিক অগ্নিদগ্ধ প্রাণীগুলোকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। কয়েকটি প্রাণীর অবস্থা খুবই আশংকাজনক। ক্ষয় ক্ষতির পরিমান আরও বাড়তে পারে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি বার্তা বাজারকে বলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে ক্ষয়ক্ষতির পরিমান তালিকা করতে বলা হয়েছে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হবে। আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে।

শিমুল দেব/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর