আওয়ামী লীগের আগে নির্বাচন কমিশনের বিচার করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বুধবার (১০ মার্চ) বিকেল ৫টায় বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, অবৈধ নির্বাচন কমিশনার আওয়ামী লীগের নৈশকালীন ভোটের বৈধতা দিয়েছে। নির্বাচন কমিশনের বৈধতার ফলে আওয়ামী লীগের ভূত আমাদের উপরে চেপে বসেছে। আমি এই অথর্ব নির্বাচন কমিশনকে বলতে চাই—এই গুম, খুন, চুরি ডাকাতি কোনকিছু থেকে মাফ পাবেন না। আওয়ামী লীগের আগে নির্বাচন কমিশনের বিচার করা হবে।
তিনি আরও বলেন, এই সরকারের দুরভিসন্ধির কোনো সীমা নেই। ষড়যন্ত্র ছাড়া এই সরকার কিছু বোঝে না। ষড়যন্ত্রের মাধ্যমে এই সরকার ক্ষমতায় টিকে আছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম অলমগীর। সমাবেশে আরও বক্তব্য দেন চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, ষুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও চসিক দলের মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন, খুলনা মহানগর সভাপতি ও মেয়র প্রার্থী নজরুল ইসলাম মনজু, বরিশাল মহানগর সভাপতি ও মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার, ঢাকা দক্ষিণ সিটিতে বিএনপির প্রার্থী ও দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন প্রমুখ।
বার্তাবাজার/ই.এইচ.এম