মায়ের বয়স্ক ভাতা কার্ড করতে যাওয়ার পথে সিরাজগঞ্জ বগুড়া-নগরবাড়ি মহাসড়কে মাটি বোঝাই ট্রাক চাপায় মো. আমজাদ হোসেন (৩০) নামে এক সন্তানের নিহতের ঘটনা ঘটেছে।
বুধবার (১০ মার্চ) দুপুরের দিকে শাহজাদপুর উপজেলার তালগাছী কবরস্থানের পাশে এঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই উপজেলার চরনবীপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ফাড়ির এস আই আমিনুল ইসলাম এ তথ্য বার্তা বাজারকে নিশ্চিত করে জানান, ভ্যানযোগে নিহত ওই ব্যক্তি তার মাকে নিয়ে গাড়াদহ ইউনিয়ন পরিষদে বয়স্ক ভাতা কার্ড করতে যাচ্ছিলো। এরই এক পর্যায়ে ভ্যানটি বগুড়া-নগরবাড়ি মহাসড়কের তালগাছী কবরস্থানের পাশে পৌঁছলে মাটি বোঝাই একটি ট্রাক চাপা দিলে তিনি ঘটনাস্তলেই মারা যায়।
এ ব্যাপারে গাড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম মুঠোফোনে বার্তা বাজারকে বলেন, ভ্যান চালক ট্রাক চাপায় মারা গেছে শুনেছি, তবে আমার পরিষদে তার মায়ের বয়স্ক ভাতা কার্ড করতে আসছিলেন কিনা আমার জানা নেই। যদি সেটা হয়ে থাকে তাহলে আমি অবশ্যই তাঁর মাকে বয়স্ক ভাতা কার্ড করে দেবো।
এম এ মালেক/বার্তাবাজার/হৃ.আর