ভালুকায় নীতিমালা অমান্য করে মাদ্রাসা শিক্ষকের চাকুরীতে যোগদান

ময়মনসিংহের ভালুকায় উপজেলার উথুরা ইউনিয়নে মরচি মধ্যপাড়া দাখিল মাদ্রাসার জুনিয়র ইবতেদায়ী শিক্ষকের বিরুদ্ধে নীতিমালা অমান্য করে চাকুরীতে যোগদান করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে মাদ্রাসার জমিদাতা ফজর আলী বাদী হয়ে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা যায়, ইবতেদায়ী জুনিয়র শিক্ষক আবুল হাসিম ১৯৮৬ সালে মরচি মধ্যপাড়া দাখিল মাদ্রাসায় যোগদান করেন। বিধি মোতাবেক কোন প্রতিষ্ঠানে শিক্ষক বা কর্মচারী নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা থাকলেও বিষয়টি তৎকালীন সময়ে গোপন রেখে নিয়ম বর্হিভূত ভাবে ঐ শিক্ষক মাদ্রাসা পরিচালনা কমিটির সহায়তায় চাকুরীতে যোগদান করেন। নীতিমালা অনুযায়ী জুনিয়র শিক্ষক পদে এইচ এস সি পাশ উল্লেখ থাকলেও তিনি ঐ সময় এস এস সি পাশেই নিয়োগ প্রাপ্ত হন এবং চাকুরীরত অবস্থায় নিয়মিত পরিক্ষার্থী হিসাবে এইচ এস সি পাশ করে সার্টিফিকেট প্রদান করেন।

এছাড়াও ১৯৯৩ সালে ১লা জুলাই হতে নভেম্বর ৩০ পর্যন্ত শিক্ষক আবুল হাসিম প্রতিষ্ঠানে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন। শুধু তাই নয় বিধি বর্হিভূত অবস্থায় ১৯৯৩ থেকে ১৯৯৪ সালের ৬ জুলাই পর্যন্ত অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সুপারের দায়িত্বও পালন করে থাকেন। তার এই ধরণের কর্মকান্ডে তৎকালীন সময় কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি।

পরর্বতীতে ১৯৯৪ সালে জুন মাসে ঐ প্রতিষ্ঠানে সুপার যোগদান করার পর শিক্ষক আবুল হাসিম এর বিরুদ্ধে কারণ দার্শানোর নোটিশ প্রদান করেন। এছাড়া রাজস্ব অডিটে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলনে বিষয়টি প্রকাশে এলে অডিট কমিটি আপত্তি প্রকাশ করেন। বিষয়টি নিয়ে মাদ্রাসা পরিচালনা কমিটি মহাপরিচালক বরাবর আবেদন করলে অনুপস্থিতকালীন উত্তোলনকৃত টাকা সরকারী কোষাগারে ফেরত দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন।

বিষয়টি নিয়ে ঐ শিক্ষকের বিরুদ্ধে জমিদাতা ফজর আলী বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনের বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত প্রতিবেদনের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসকে দায়িত্ব দেওয়া হয়।

এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মাসুমা সুলতানা খানম ঘটনার সত্যতা নিশ্চিত করে বার্তা বাজারকে জানান, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন বার্তা বাজারকে জানান, তদন্ত কমিটির প্রতিবেদন পেয়েছি। খুব দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।

আরিফুল হক পলাশ/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর