ইউজিসির শিক্ষা ঋণ পেল ১৩২ জন নোবিপ্রবি শিক্ষার্থী

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নোবিপ্রবি) ১৩২ জন শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে শতভাগ উপস্থিতি নিশ্চিতের লক্ষ্যে স্মার্টফোন ক্রয়ের জন্য ইউজিসি কর্তৃক “সফট লোন” প্রকল্পের ঋণের টাকা প্রদান করা হয়েছে।

বুধবার (১০ মার্চ) দুপুুরে একজন শিক্ষার্থীকে ঋণ প্রদানের মাধ্যমে উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ দিদার-উল-আলম।

এ সময় উপস্থিত ছিলেন, নোবিপ্রবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক মজনুর রহমান ও সাইবার সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক মাহমুদুল হাসান রানা।

গত নভেম্বর মাসে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ৬২২ জন শিক্ষার্থীর আবেদন পুরোটাই গৃহীত হয়। এদের মধ্যে পরবর্তীতে ১৩২ জন শিক্ষার্থী শিক্ষা ঋণ গ্রহণের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেন। চূড়ান্ত যাচাই-বাছাই শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১৩২ জনকেই শিক্ষার্থীর “সফট লোন”র আবেদন মঞ্জুর করে।

শিক্ষা ঋণ কমিটির আহবায়ক ও নোবিপ্রবি প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বার্তা বাজারকে জানান, স্মার্টফোন কেনার জন্য শিক্ষা ঋণ হিসেবে প্রত্যেক শিক্ষার্থীকে ৮,০০০ হাজার টাকা প্রদান করা হয়েছে। যা শিক্ষার্থীরা তাদের বিভাগীয় চেয়ারম্যান থেকে গ্রহণ করবে। সুদবিহীন এই ঋণের অর্থ সংশ্লিষ্ট শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় খোলার পর কিংবা অধ্যয়নকালীন সময়ে ৪টি সমান কিস্তিতে বা এককালীন পরিশোধ করতে হবে।

বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর