আইনের ব্যবহার করে দুর্নীতির বিরুদ্ধে তৎপর থাকবে দুদক: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সদ্য নিয়োগ পাওয়া চেয়ারম্যান মঈনউদ্দীন আব্দুল্লাহ বলেছেন, আইনের যথাযত ব্যবহার করে দুর্নীতির বিরুদ্ধে বর্তমান কমিশন সবসময় তৎপর থাকবে।

তিনি আজ বুধবার (১০ মার্চ) বিকেলে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, আইনের যথাযথ ব্যবহার করে দুর্নীতির বিরুদ্ধে তৎপর থাকবে বর্তমান কমিশন।

তিনি আরও বলেন, মামলার তদন্তের দীর্ঘসূত্রিতা একটি বড় সমস্যা। সেটি এখন কমিয়ে আনার চেষ্টা করবে কমিশন। শুধু আইন দিয়েই দুর্নীতি কমানো যাবে না। নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সচেতন হবার আহ্বান জানান তিনি। দুদকের অভ্যন্তরীণ স্বচ্ছতা বজায় রাখা হবে বলেও জানান চেয়ারম্যান।

নব নিযুক্ত কমিশনার মো. জহুরুল হক বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়ে উচ্চ আদালতের নির্দেশ অনুসরণ করবে দুদক।

এর আগে নতুন চেয়ারম্যান এবং কমিশনার বুধবার তাদের দপ্তরে যোগ দেন। এ দিন সকাল সাড়ে ১০টার দিকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে চেয়ারম্যান ও কমিশনার এসে পৌঁছালে কমিশন সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার তাদের অভ্যর্থনা জানান। এরপর তারা সিঁড়ি বেয়ে দুদক ভবনের পঞ্চম তলায় তাদের দপ্তরে যান।

কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব মঈনউদ্দীন আবদুল্লাহকে গত ৩ মার্চ দুদকের নতুন চেয়ারম্যান নিয়োগ দেয় সরকার। একই দিনে দুদকের কমিশনার হিসেবে নিয়োগ পান বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সাবেক চেয়ারম্যান মো. জহুরুল হক।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর