সড়ক-মহাসড়কে ঝুঁকিপূর্ণ গাড়ির বিরুদ্ধে ঝিনাইদহ ট্রাফিক পুলিশের অভিযান

সড়ক-মহাসড়কে ঝুঁকিপূর্ণ গাড়ির বিরুদ্ধে ঝিনাইদহ ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১০ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের আলহেরা মোড়, মুজিব চত্তর ও পায়রা চত্ত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ঝিনাইদহ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মোঃ সালাহউদ্দিন বার্তা বাজারকে জানান, সড়ক-মহাসড়কে চলাচলরত ইটভাঙ্গা গাড়ি, মিক্সার মেশিনের উপর দাঁড়িয়ে শ্রমিকরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভাবে যাতায়াত করে। এছাড়া পাটকাঠি নিয়ে নসিমন-করিমনে এক জেলা থেকে অন্য জেলায় এত ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করে যে তারা ডানে-বামে কিছুই দেখতে পায় না। ফলে প্রায়ই তারা দুর্ঘটনার শিকার হচ্ছে। তাই ট্রাফিক পুলিশ এই সব ঝুঁকিপূর্ণ গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু করেছে।

তিনি বার্তা বাজারকে আরো জানান, আজ সকাল থেকে দুপুর পর্যন্ত মোট ১০টি এ ধরনের গাড়ী পজ মেশিন এর মাধ্যমে জরিমানা করা হয় এবং প্রতিটি চালক ইউক্যাসের মাধ্যমে গাড়ি প্রতি ২৫‘শ টাকা জমা দিয়ে ভবিষ্যতে এ ধরনের কাজ করবে না মর্মে মুচলেকার মাধ্যমে গাড়ি ছাড়িয়ে নেয়।

যতদিন পর্যন্ত এ ধরনের গাড়ি চলতে থাকবে ততদিন এ অভিযান পরিচালনা করা হবে বলেও জানান।

অভিযানে উপস্থিত ছিলেন, জেলা টিআই সালাহউদ্দিন, টিআই গৌরাঙ্গ পাল, সার্জেন্ট মুস্তাফিজুর রহমান, টিএসআই ইউনুস আলী, এটিএসআই আব্দুর রাজ্জাক, এটিএসআই মফিজসহ সঙ্গীয় ফোর্স।

খাইরুল ইসলাম নিরব/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর