চট্টগ্রাম ইউএসটিসির বহুতল ভবনের অবৈধ অংশ গুঁড়িয়ে দিচ্ছে সিডিএ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নগরের খুলশী থানাধীন গয়নার ছড়া খাল দখল করে অবৈধভাবে গড়ে তোলা বেসরকারি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) একটি ১৮ তলা বহুতল ভবনকে গুঁড়িয়ে দিচ্ছে।

বুধবার (১০ মার্চ) সকাল ১০টা থেকে সিডিএ কর্তৃপক্ষ বহুতল ওই ভবনটি গুঁড়িয়ে দেয়ার কাজ শুরু করে ।

সিডিএ’র স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল আলমের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান
সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিচালিত হচ্ছে।

জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় গয়নার ছড়া খাল দখল করে গড়ে তোলা ওই বহুতল ভবন ভাঙা হচ্ছে বলে জানান সিডিএ’র জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক ও নির্বাহী প্রকৌশলী আহমেদ মঈনুদ্দিন।

তিনি বলেন, ওই ভবন নির্মাণে সিডিএ’র কাছ থেকে ইউএসটিসি কর্তৃপক্ষ নিজেদের জায়গায় ১৬ তলার নকশার অনুমোদন নিলেও সেই নকশা না মেনে অবৈধভাবে ১৮ তলা ভবন নির্মাণ করে। ইউএসটিসি কর্তৃপক্ষ ভবনটি নির্মাণে খালের প্রায় ৩ হাজার ৫০০ স্কয়ার ফুট জায়গা দখল করে।

তিনি আরও বলেন, ২০১৯ সালের অক্টোবরে ইউএসটিসি কর্তৃপক্ষকে খাল দখল করে অবৈধভাবে নির্মাণ করা অংশটুকু সরিয়ে ফেলতে ৯০ দিনের সময় দেওয়া হয়। কিন্তু দেখাযায় প্রায় ১৬ মাস পার হলেও তারা অবৈধ অংশটুকু সরিয়ে নেয়নি। তাই বর্ষার আগেই উচ্ছেদ অভিযান পরিচালনা করছি আমরা।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর