মেসি-রোনালদো যা পারেনি সেটাই করে দেখালেন হালান্ড

উয়েফা চ্যাম্পিয়নস লিগের (ইউসিএল) শেষ ষোলোর দ্বিতীয় লেগে আর্লিং হালান্ডের জোড়া গোলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বরুশিয়া ডর্টমুন্ড। মঙ্গলবার রাতে সেভিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র হয় ম্যাচটি।

কিন্তু প্রথম লেগে সেভিয়ার মাঠে ৩-২ গোলে জয়ের কারণে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে বুন্দেস লিগার দলটির। দুই লেগ শেষে ৫-৪ ব্যবধানে জয় নিয়ে শেষ আটে যায় বরুশিয়া।

এই ম্যাচে জোড়া গোল করে দারুণ রেকর্ড গড়েছেন হালান্ড। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে কম ম্যাচে ও সবচেয়ে কমবয়সী খেলোয়াড় হিসেবে ২০ গোল করেছেন তিনি। মাত্র ১৪ ম্যাচে ২০ গোল করেছেন তিনি।

এর আগে সবচেয়ে কম ম্যাচে ২০ গোলের রেকর্ড ছিল হ্যারি কেইনের। তিনি ২৪ ম্যাচে ২০ গোল করেছিলেন। এবার সেই রেকর্ড ভাঙলেন হালান্ড। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগে ২০ গোল পেতে লিওনেল মেসিকে ৪০টি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে ৫৬টি ম্যাচ খেলতে হয়েছিল।

হালান্ড যেভাবে গোলের বন্যা বইয়ে যাচ্ছেন তাতে আগামী জুলাই-আগস্টের দলবদলে তাকে নিয়ে যে কাড়াকাড়ি হবে তা বলার অপেক্ষা রাখে না। বেশ কয়েকটি দলের নজরে রয়েছেন ২০ বছর বয়সী এই নরওয়েইজিয়ান স্ট্রাইকার।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর