লাইসেন্সের শর্ত ভঙ্গ করায় বন্ড গুদাম থেকে অবৈধভাবে কাঁচামাল অপসারণ করে ৯৪৫ কোটি ২৬ লাখ টাকা শুল্ক ফাঁকি দিয়েছে দেশবন্ধু সুগার মিলস লিমিটেড। শুল্ক ফাঁকি দেয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ১৩টি মামলা চলমান। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে।
এনবিআর সূত্র জানিয়েছে, দেশবন্ধু সুগার মিলস রিট পিটিশন (রিট পিটিশন নং-৬৬৩৪/০৭) করে হাইকোর্টের নির্দেশ মতে ২০০৯ সালের ১৫ জানুয়ারি হোম-কনজাম্পশন বন্ড লাইসেন্স পায়। প্রতিষ্ঠানটি ১৯৬৯ সালের কাস্টম অ্যাক্টের ১০৪ ধারার আওতায় র-সুগার (অপরিশোধিত চিনি) আমদানি করে আমদানি পর্যায়ে শুল্ক-করাদি পরিশোধ না করে তার বন্ড গুদামে র-সুগার জমা রাখে।
লাইসেন্সের শর্ত ও ১৯৬৯ সালের কাস্টম অ্যাক্টের ৯৮ ধারা অনুযায়ী, ছয় মাস বন্ডিং মেয়াদের মধ্যে একই আইনের ১০৪ ও ৩০ (বি) অনুযায়ী এক্স বি/ই দাখিল করে শুল্ক-করাদি পরিশোধ করে বন্ড গুদাম থেকে কাঁচামাল খালাস করতে আইনগতভাবে দায়বদ্ধ। কিন্তু লাইসেন্সের শর্ত ভেঙে কাঁচামাল বন্ড গুদাম থেকে অবৈধভাবে অপসারণ করে প্রতিষ্ঠানটি। এ জন্য ২০১৬ সাল থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত কোম্পানিটির বিরুদ্ধে ১৩টি লামলা চলমান বলে জানিয়েছে এনবিআর সংশ্লিষ্ট সূত্র।
জানা গেছে, চলতি বছরের ১৭ জানুয়ারি প্রতিষ্ঠানটি ২০০৪ থেকে সরকারি কোষাগারে দেয়া কাস্টম ডিউটি, আরডি ও ভ্যাট বাবদ ৮০৯ কোটি ২৬ লাখ ৩৮ হাজার ৭৭৭ টাকা ফেরত চেয়ে কাস্টম বন্ড কমিশনারেট, ঢাকা এবং জাতীয় রাজস্ব বোর্ডসহ বিভিন্ন সরকারি দফতরে আবেদন করেছে।
জাতীয় রজস্ব বোর্ড থেকে তোলা এসব অভিযোগের বিষয়ে দেশবন্ধু সুগার মিলের চেয়ারম্যান গোলাম মোস্তফা এবং কোম্পানি সচিব লিয়াকত আলীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বার্তাবাজার/ভি.এস