বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঢাকা বিভাগীয় সমাবেশ মোহাম্মদপুর শহীদ পার্কে হওয়ার কথা থাকলেও সেটি খিলগাঁও তালতলা মার্কেটের পাশে অনুষ্ঠিত হবে।
বুধবার (১০ মার্চ) রাত ২ টার দিকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন তার ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে লাইভে এসে এ ঘোষণা দেন।
এসময় তিনি তার দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ জনগণকে আহ্বান করে বলেন, আপনাদের অধিকার রক্ষায় যে আন্দোলন আমরা করতে যাচ্ছি সে আন্দোলনে আপনারা অংশগ্রহণ করে আমাদের হাতকে আরো শক্তিশালী করুন। আমরা আপনাদের ভোটাধিকার পুনঃবহাল করতেই এ সমাবেশ করছি বলেই তিনি লাইভটি শেষ করেন।
উল্লেখ্য, নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, সরকারের পদত্যাগ ও নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির ঘোষিত সমাবেশের তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ৯ ও ১৬ মার্চ এ দুটি সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের অনুমতির জন্য এরই মধ্যে প্রশাসনের কাছে গিয়েছিল বিএনপি। ২৩টি শর্তে বিএনপিকে সমাবেশ করতে অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর আগে ৩ ও ৪ মার্চ এ সমাবেশ করতে ঘোষণা দিয়েছিলো বিএনপি।
বার্তাবাজার/ই.এইচ.এম