মুরাদনগরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

কুমিল্লার মুরাদনগরে যানজট নিরসন ও মহাসড়ক ফুটপাতমুক্ত করতে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপদ বিভাগ(সওজ)। এসময় অবৈধভাবে গড়ে উঠা প্রায় ৩০০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

মঙ্গলবার (৮ মার্চ) দিনব্যাপী উপজেলার নবীপুর পূর্ব ও পশ্চিম ইউনিয়নের কোম্পানীগঞ্জ বাজার এলাকায় সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ জাফরুল হায়দার এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ, সওজের নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মোস্তাফা, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সাইফুল ইসলাম কমল, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদেকুর রহমান, মিরপুর হাইওয়ে ফাড়িঁ থানার ইনচার্জ মৃদুল কান্তি কুরি, উপ-সহকারি প্রকৌশলী (সওজ) মোঃ হুমায়ুন কবির, মুরাদনগর থানার ওসি(তদন্ত) আব্দুন নুরসহ জেলা প্রশাসন ও সওজের অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সওজের কর্মকর্তারা বার্তা বাজারকে জানান, জেলার ব্যবসায়ীক প্রানকেন্দ্র কোম্পানীগঞ্জ বাজার এলাকায় দীর্ঘদিন যাবত কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশের জায়গা দখল করে দালান নির্মান করে আসছিল একটি প্রভাবশালী মহল। একাধিকবার সওজের পক্ষ থেকে তাদেরকে সরিয়ে নেওয়ার নোটিশ দেয়া হলেও তা কেউ কর্ণপাত করেনি। তাই এই আঞ্চলিক মহাসড়ককে যানজটমুক্ত রাখতে রাস্তার পাশে অবৈধভাবে গড়ে উঠা প্রায় ৩০০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

মোঃ নাজিম উদ্দিন/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর