সাতক্ষীরায় কপোতাক্ষ নদ থেকে আরেকটি মরদেহ উদ্ধার

সাতক্ষীরার আশাশুনির কপোতাক্ষ নদ থেকে আরেকটি ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ‌(৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার প্রতাপনগরের কুড়িকাহুনিয়ায় গড়ুইমহল ঘাটে বাঁধা বালুভর্তি একটি বাল্কহেডের পাশে মরদেহটি ভাসতে দেখেন ওই বাল্কহেডেরই কর্মচারীরা।

গত ১৬ ফেব্রুয়ারি কুড়িকাহুনিয়ায় নৌকাডুবিতে বাঁধমেরামতের ৩ শ্রমিক নিখোঁজ হয়। পরে ২ জনের মরদেহ পাওয়া গেলেও আরেকজনের কোন সন্ধান পাওয়া যায়নি। স্থানীয়দের ধারণা ২২ দিন পর ভেসে ওঠা এই মরদেহটিই নিখোঁজ তৃতীয় ব্যাক্তি শ্রিউলা ইউনিয়নের পুইজালা গ্রামের আব্দুল আজিজের। মরদেহটি পানিতে থাকায় অত্যাধিক ফুলে ফেঁপে উঠেছে এছাড়া প্রচন্ড দুর্গন্ধও ছড়াচ্ছিল।

আশাশুনি ইউএনও নাজমুল হুসেইন ও ওসি গোলাম কবির বার্তা বাজারকে জানান, প্রাপ্ত তথ্য অনুযায়ী মরদেহটি সেই নিখোঁজ শ্রমিকের। এরই মধ্যে পরিবারের সদস্যদের নিয়ে পরিচয় নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছেন তারা। পরিবারটিকে সরকারি সহায়তা করা হবে বলেও জানিয়েছেন ইউএনও।

এর আগে নিখোঁজ শ্রমিক বাবর আলী ও শফিকুল ইসলামের মরদেহ ও কপোতাক্ষ নদ থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

মির খাইরুল ইসলাম/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর