করোনা প্রণোদনার প্রত্যয়ন নিতে শিক্ষার্থীদের থেকে টাকা আদায়ের অভিযোগ

করোনা মহামারীতে ১০ হাজার টাকা করে অনুদান পাওয়া যাবে এমন গুজব ছড়িয়ে ফরিদপুরের নগরকান্দা সরকারি মহাবিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীর নিকট থেকে টাকা আদায় করেছে বলে অভিযোগ উঠেছে।

করোনার অনুদান পেতে হলে এ জন্য নিতে হবে কলেজ থেকে প্রত্যয়ন পত্র। শিক্ষার্থীদের অভিযোগ প্রতিটি প্রত্যয়ন পত্র সরবরাহ করতেই নেয়া হচ্ছে ১১০ টাকা।

টাকা নেয়ার বিষয়ে কলেজের প্রধান করণিক গোলাম মওলার কাছে জানতে চাইলে তিনি বার্তা বাজারকে বলেন, প্রত্যয়ন পত্র দেয়ার জন্য টাকা নেয়ার বিধান রয়েছে।

তবে এর স্বপক্ষে কোন কাগজ দেখাতে পারেননি কলেজের প্রধান করণিক গোলাম মওলা।

প্রত্যয়ন পত্র দেয়ার পরে ১০ হাজার টাকা করোনার অনুদান শিক্ষার্থীরা পাবে কিনা জানতে চাইলে তিনি বার্তা বাজারকে বলেন, এ বিষয়টি আমরা জানিনা, শিক্ষার্থীরাই এ বিষয় নিয়ে আলোচনা করছে।

নগরকান্দা মহাবিদ্যালয়ে সদ্য যোগদানকারী অধ্যক্ষ প্রফেসর মো. আসাদুল আলম খান বার্তা বাজারকে জানান, আমি এ কলেজে নতুন যোগদান করেছি। এ কলেজের অনেক কিছুই এখনো আমার জানা হয়নি। তবে শিক্ষার্থীদের নিকট থেকে টাকা নেয়া হচ্ছে বলে আমি জেনেছি, আর তাই এটা জানতে পেরেই আমি টাকা আদায় বন্ধ করে দিয়েছি।

প্রত্যয়ন বাবদ যাদের কাছ থেকে টাকা আদায় করা হয়েছে তাদের টাকা ফেরত দেয়া হবে বলেও জানান।

এ ব্যাপারে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু বার্তা বাজারকে বলেন, এ বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর