রিক্রুটিং এজেন্টদের বৈধতার তথ্য চেয়ে চিঠি

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, মাঠ পর্যায়ের বৈধ রিক্রুটিং এজেন্টদের তথ্য চেয়ে চিঠি দেয়া হয়েছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মাধ্যমে এই তথ্য চাওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়।

আগামী ৩১ মার্চের মধ্যে রিক্রুটিং এজেন্টদের ‘স্থানীয় মার্কেটিং প্রতিনিধি’দের নাম-ঠিকানাসহ বিস্তারিত তথ্য জমা দিতে হবে। অন্যথায় রিক্রুটিং এজেন্টের বহির্গমন ছাড়পত্র বন্ধ করা হতে পারে।

কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ, অধ্যাপক মো. আলী আশরাফ, মোয়াজ্জেম হোসেন রতন, আয়েশা ফেরদাউস, মো. সাদেক খান এবং মো. ইকবাল হোসেন অংশগ্রহণ করেন।

মন্ত্রণালয় আরও জানায়, নির্দিষ্ট সময়ের মধ্যে বৈধ প্রতিনিধির তালিকা দাখিলে ব্যর্থ হলে রিক্রুটিং এজেন্টের অনুকূলে বহির্গমন ছাড়পত্র বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

বৈঠকে জানানো হয়, করোনায় ক্ষতিগ্রস্ত হয়ে বিদেশফেরত কর্মীদের ও প্রবাসে করোনায় মারা যাওয়া কর্মীদের পরিবারের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

এছাড়া বিদেশফেরত কর্মীদের অর্থনৈতিক পুনর্বাসনের জন্য সরকার হতে ৫০০ কোটি টাকাসহ মোট ৭০০ কোটি টাকার ঋণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ঋণ সংক্রান্ত একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে। নীতিমালার আলোকে এ পর্যন্ত ৪ হাজার ৩১২ জনকে ৯০ কোটি ২৫ লাখ টাকা ঋণ প্রদান করা হয়েছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর