বন্ধুর সাথে অভিমানে আত্মহত্যা করলেন সেই নারী ফুড ডেলিভারিম্যান

কুষ্টিয়া শহরে রজনী অধিকারী (১৮) নামের এক শিক্ষার্থী ও কুষ্টিয়া শহরের একমাত্র নারী ফুড ডেলিভারিম্যান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শহরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির আত্মহত্যার বিষয়টি বার্তা বাজারকে নিশ্চিত করেন।

নিহত রজনী অধিকারী কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার ৯ নম্বর পলানবক্স এলাকার আশোক অধিকারীর মেয়ে। রজনী কুষ্টিয়া আইডিয়াল পলিটেকনিকের ডিপ্লোমা-ইন-কম্পিউটার বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পড়ালেখার পাশাপাশি স্বাবলম্বী হওয়ার জন্য ফুড ডেলিভারিম্যান হিসেবে চাকরি করতেন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে পরিবারের লোকজনের অজান্তে গলায় ফাঁস দেয় রজনী অধিকারী। পরে রাত সাড়ে ১১টার দিকে পরিবারের লোকজন দেখতে পায় সে গলায় ফাঁস দিয়ে ঘরের মধ্যে বাসের ডাফের সাথে ঝুঁলে আছে। পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা এসে দেখে রজনী অধিকারী ঝুঁলন্ত মরদেহ।

নিহতের বাবা অশোক অধিকারী বার্তা বাজারকে বলেন, আমার মেয়ে খুব আদরের ছিল। আদরের মেয়ে আর নেই, আত্মহত্যা করে মারা গেছে। রজনী খুব রাগী ও অভিমানী ছিল। তার কোনো এক বন্ধুর সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গত চারদিন ধরে খাওয়া-দাওয়া করে না। সেই বন্ধুকে আমরা চিনিনা।

ফুড পান্ডার কুষ্টিয়া অফিসের আঞ্চলিক ব্যবস্থাপক ফজলে রাব্বী বার্তা বাজারকে বলেন, রজনী আমাদের এখানে বিনয়ের সাথে মন দিয়ে কাজ করতো। মেয়েটা পরিশ্রমী ছিল। ভালো কাজের দক্ষতাও ছিল। আসলে কি কারণে সে আত্মহত্যা করলো বুঝে উঠতে পারছিনা।

রজনী অধিকারীর সহপাঠীরা বার্তা বাজারকে বলেন, রজনী খুব জেদি ছিল। যখন-তখন মান অভিমান করে হাত কাটতো, না খেয়ে থাকতো। সে তার এক ছেলে বন্ধুর সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির বার্তা বাজারকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তিনি বার্তা বাজারকে আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বন্ধুর সাথে অভিমান করে রজনী নামের মেয়েটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

টুটুল/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর