সরাইলে বিএনপির বিক্ষোভ, দুই নেতাকে অবাঞ্ছিত ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপির নব-গঠিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপির একাংশ। মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বিশ্ব রোড মোড় এলাকায় এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিএনপি’র দুই নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। কমিটি বাতিলের দাবিতে উপজেলা বিএনপির একাংশের মিছিল উপজেলার কুট্টাপাড়া শেখ রাসেল স্টেডিয়ামে জড়ো হয়। পরে তারা বিশ্ব রোড মোড় গোল চত্বরে সমাবেশ করে।

সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বর্তমান আহবায়ক কমিটির সদস্য জহির উদ্দিন, মশিউর রহমান, উপজেলা যুবদলের সভাপতি নাজমুল আলম খন্দকার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ ইসমাইল মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আবদুল জব্বার প্রমুখ।

সমাবেশে জেলা বিএনপির আহবায়ক জিল্লুর রহমানের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভকারীরা। সমাবেশে উপজেলা বিএনপির আহবায়ক আনিছুল ইসলাম ঠাকুর ও সদস্য সচিব অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর বিরুদ্ধে বিরুদ্ধে নানা ধরনের শ্লোগান দেন বিক্ষোভকারীরা। সমাবেশ থেকে উপজেলা কমিটির আহবায়ক ও সদস্য সচিবকে উপজেলা সদরে অবাঞ্চিত ঘোষণা করে দ্রুত কমিটি বাতিলের দাবি জানানো হয়।

এ ব্যাপারে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বার্তা বাজারকে বলেন, দলীয় আন্দোলন করতে গিয়ে আমি ৮টি মামলার আসামী। ১/১১ তে কারাবরণ করেছি। দলের সভানেত্রী বেগম খালেদা জিয়া গ্রেফতার হওয়ার পর আনিছুল ইসলাম ঠাকুর (বর্তমান আহবায়ক) ২০১৯ সালের ১৯ মার্চ লিখিতভাবে দল থেকে পদত্যাগ করেন।

এ ছাড়া অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু (সদস্য সচিব) ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি দল থেকে পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। দলের দূর্দিনে তারা দু’জনই আওয়ামী লীগের সাথে আতাত করে গায়েব হয়ে গিয়েছিলেন। আমরা তাদের এই কমিটি মানি না, কখনো মানব না।

এ ব্যাপারে নব-গঠিত কমিটির আহবায়ক আনিছুল ইসলাম ঠাকুর বার্তা বাজারকে বলেন, আমি পদ থেকে পদত্যাগ করেছিলাম, দল থেকে নয়। বর্তমানে যারা আন্দোলন করছে তারা আবেগে এসব করছে, পরে সব ঠিক হয়ে যাবে।

তিনি বার্তা বাজারকে আরো বলেন, সোমবার আহবায়ক কমিটির ২৬ জনকে নিয়ে আমরা সভা করেছি। কমিটির অধিকাংশ লোক আমাদের সাথে আছেন। সকলের সাথে পরামর্শ করে অচিরেই আমরা মাঠে নামব।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রয়ারি আনিছুল ইসলাম ঠাকুরকে আহবায়ক ও নুরুজ্জামান লস্করকে সদস্য সচিব করে উপজেলা বিএনপির ৩১ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

আহবায়ক কমিটি গত ২ মার্চ আনন্দ মিছিল ও সমাবেশ করার ঘোষণা দিলে পাল্টা কর্মসূচির ঘোষণা দেন বিএনপির আক্তার হোসেন ও আনোয়ার হোসেনের নেতৃত্বাধীন গ্রুপ। পরে সংঘাতের আশঙ্কায় ওই কর্মসূচি বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন।

মোঃ রাসেল আহমেদ/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর