১৭ মে’র মধ্যে টিকা পাবেন ১ লাখ ৩০ হাজার শিক্ষার্থী: শিক্ষামন্ত্রী
আগামী ১৭ মে বিশ্ববিদ্যালয়ের হল খোলার আগে আবাসিক হলের ১ লাখ ৩০ হাজার শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মঙ্গলবার (৯ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, হল খোলার আগেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১ লাখ ৩০ হাজারের মতো আবাসিক শিক্ষার্থীদের করোনার টিকা দেয়া হবে। এরপর বিশ্ববিদ্যালয়ের অন্য সব শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হবে।
এ প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বলেন, শুধু আবাসিক হল ও হোস্টেলের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। এ বিষয়ে মন্ত্রণালয় কার্যক্রম শুরু করেছে। খুব শিগগিরই টিকাদান কার্যক্রম শুরু করা হবে।
উল্লেখ্য, আগামী ১৭ মে বিশ্ববিদ্যালয়ের আবাসিক গলগুলো খুলবে। এরপর ২৪ মে থেকে দেশের সব বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হবে।
বার্তাবাজার/নব