ছোটভাইকে হত্যার অভিযোগ নিয়ে পলাতক থাকা বড়ভাই শাজাহান মল্লিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ মার্চ) সকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের খোড়দো বাটরা গ্রামের পরেশ চৌধুরীর আমকাঠাল বাগানের একটি গাছে লাশটি ঝুলন্ত ছিল।
কলারোয়া থানার ওসি খায়রুল কবির জানান, তার নাম শাজাহান মল্লিক(৩৬)। তালা উপজেলার কুমিরা ইউনিয়নের জগদানন্দকাটী গ্রামের আব্দুল মাজেদের পুত্র তিনি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য যে, রোববার তালা উপজেলার জগদানন্দকাটী গ্রামের মন্তাজ মল্লিক(৩৫) মোটরসাইকেল যোগে রাত ৯টার দিকে বাড়ি ফিরছিলেন। এসময় ধারালো অস্ত্র দিয়ে কৃষক মন্তাজ মল্লিককে কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে মন্তাজের বড়ভাই শাজাহান মল্লিক কয়েকজনকে সাথে নিয়ে হত্যাকান্ড ঘটিয়েছে।
এ ঘটনায় পাটকেলঘাটা থানায় শাজাহান মল্লিককে প্রধান আসামী করে ৩ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়। এ ঘটনার পর থেকে শাজাহান মল্লিক পলাতক ছিলেন। ছোটভাই মন্তাজ হত্যাকাণ্ডের ২৪ ঘন্টা পর মামলার আসামী তার পলাতক বড়ভাই শাজাহান মল্লিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হলো।
এ বিষয়ে জানতে চাইলে কলারোয়া থানার ওসি আরও বলেন, তার মৃত্যু রহস্যজনক। এ এলাকায় তার কোন আত্মীয়স্বজনও নেই। এখানে এসে কেন তিনি রশিতে ঝুলে আত্মহত্যা করলেন তা নিয়ে তদন্ত চলছে।
মীর খায়রুল আলম/বার্তাবাজার/ভি.এস