নাফনদীতে বিজিবির গুলিতে দুই মাদক পাচারকারী নিহত, বিপুল পরিমান ইয়াবা জব্দ

নাফনদীতে বিজিবির সাথে মাদক কারবারীদের গুলি বিনিময়ের ঘটনায় দুই মাদক কারবারীর প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছে ২ বিজিবি সদস্য। উদ্ধার করা হয়েছে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা, কিরিচ ও দেশী তৈরী অস্ত্র।

আজ মঙ্গলবার (৯ মার্চ) রাত আড়াইটা নাগাদ উপজেলার সদর ইউনিয়নের মৌলভীপাড়া সীমান্তে এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন ২ বিজিবি অধিনায়ক ফয়সাল হাসান খান।

নিহতরা হলেন, সদর ইউনিয়নের মৌলভী পাড়া এলাকার মোঃ বাবুলের ছেলে মোঃইউনুস আলম (৩৫) ও একই এলাকার মৃত আবদুল কালামের ছেলে মোঃ রুবেল (২০) বলে নিশ্চিত করেছেন ওই এলাকার ইউপি মেম্বার এনামুল হক।

তিনি জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে মাদকের চালান পাচারের সংবাদের ভিত্তিতে নাফনদীতে বিজিবির টহল দল অভিযান চালায়। এসময় মিয়ানমার থেকে বাংলাদেশ অভিমুখে আসা একটি নৌকা থেকে মাদক পাচারকারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে বিজিবির নায়েক মাজহারুল (৬৫) ও সিপাহী রুমেল মিয়া (১৯) আহত হয়। জবাবে বিজিবি পাল্টা গুলি ছূঁড়লে তিন জন মাদক পাচারকারী নৌকা থেকে লাফিয়ে সাঁতার কেটে মিয়ানমার শূন্য রেখা অতিক্রম করে পালিয়ে যায়। পরে নৌকাটি তল্লাশী করে ৩লাখ ৬০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরী বন্দুক ও একটি কিরিচসহ গুলিবিদ্ধ দুই জনকে উদ্ধার করে টেকনাফ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন এই বিজিবি কর্মকর্তা।

খাঁন মাহমুদ আইউব/বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর