৩ দিনের রিমান্ডে মুজাক্কির হত্যার আসামি যুবলীগ নেতা বেলাল

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যা মামলায় গ্রেফতার যুবলীগ নেতা পাঙ্কা বেলালকে ৩ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৮ মার্চ) নোয়াখালীর ৪ নম্বর নম্বর আমলি আদালতের বিচারক এস এম মোসলেহ্ উদ্দিন মিজান এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে নোয়খালী আদালতের পাবলিক প্রসিকিউটর গুলজার আহমেদ জুয়াল জানান, সোমবার বেলা ১২টার দিকে বেলাল হোসেনকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জেলা কার্যালয়ের পরিদর্শক মোস্তাফিজুর রহমান আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রোববার দুপুরে বসুরহাট পৌরসভার হাসপাতাল সড়ক এলাকায় অভিযান চালিয়ে বেলালকে গ্রেপ্তার করে পিবিআই। বেলাল চর ফকিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মো. ইব্রাহিমের ছেলে। সে একই ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদকও।

প্রসঙ্গত গত ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করতে প্রস্তুতি নেন আওয়ামী লীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক ও উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল।

এসময় সাবেক চেয়ারম্যানের নেতৃত্বে একটি মিছিল বাজারের দলীয় কার্যালয়ে দিকে যায়। হঠাৎ করে ওই মিছিলে আবদুল কাদের মির্জার সমর্থক জামাল উদ্দিন লিটনসহ কিছু লোক বাধা দেয়।

এতে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ ঘটনায় বার্তা বাজারের নোয়াখালীর নিজস্ব প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির গুলিবিদ্ধ হন। এর পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর