দেশে অন্যান্য ইসলামিক দলের মত জামায়াতেরও রাজনীতি করার অধিকার আছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
রোববার (৭ মার্চ) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কর্তৃক ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিতি হয়ে তিনি এই কথা বলেন।
ডা. জাফরুল্লাহ বলেন, জামায়াতে ইসলামের পূর্বপুরুষরা অপরাধ করে থাকলেও বর্তমান তরুণরা কোনো অপরাধ করেনি। অন্যান্য ইসলামিক দলের রাজনীতি করার অধিকার থাকলে জামায়াতে ইসলামেরও আছে।
তিনি বলেন, বিডিআর বিদ্রোহের নামে সেনাবাহিনীর চৌকস অফিসারদের হত্যা করা হয়েছিল। গণমাধ্যম নিয়ন্ত্রিত হচ্ছে গোয়েন্দা সংস্থা দ্বারা। ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্রে পরিণত হচ্ছে দেশ। তরুণ প্রজন্ম দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চায়।
তিনি আরও বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অবিলম্বে বাতিল করতে হবে। লেখক মুশতাক না মরলে কার্টুনিস্ট কিশোর মুক্তি পেত না।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ ও কর্মীরা।
বার্তাবাজার/এসজে