ভোলার চরফ্যাসন উপজেলার শশীভূষণে নসিমনের চাপায় মাহাবুব (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৭ মার্চ) দুপর সাড়ে ১২ টায় শশীভূষণ থানার চর কলমী ইউনিয়নের চৌমহনী বাজারে এ ঘটনা ঘটে।
শিশু মাহাবুব জাহানপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মোল্লাবাড়ীর মোঃ এমরান মোল্লার ছেলে।
জানা যায়, মাহাবুব গত শুক্রবার চর কলমি তার নানা বাড়িতে বেড়াতে আসে। রোববার সকালে সে চৌমুহনী বাজারে মুদি ব্যবসায়ী বেল্লালের দোকানের সামনে দাড়িয়ে ছিল। আঞ্জুরহাট বাজার থেকে ছেড়ে আসা নসিমন দ্রুতগতিতে সেখান দিয়ে যাচ্ছিল। এসময় নসিমনটি শিশু মাহাবুবকে চাপা দেয়। ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়।
শিশুটির মা তাসলিমা কান্না জড়িত কন্ঠে বলেন, আমার ছেলে মাহাবুব কে এই মাত্র গোসল করিয়ে দিয়েছি। ছেলেটি আমার বাজারে গিয়েছিল। এসময় আমি আমার ৩ মাসের ছোট ছেলেটিকে গোসল করাচ্ছিলা। হঠাৎ খবর এলো আমার মাহাবুব নেই। আমার ছেলেকে নসিমন চাপায় মৃত্যুর বিচার চাই।
শশীভূষণ থানার ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, গাড়ি চালককে আটক করা হয়েছে এবং নসিমন থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলে তদন্ত চলছে।
আরিফুল/বার্তাবাজার/এসজে