ফরিদপুরে উদযাপিত হচ্ছে ঐতিহাসিক ৭ মার্চ
দেশে প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে ঐতিহাসিক ৭ মার্চ। তারই ধারাবাহিকতায় ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হচ্ছে।
বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষাপটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের তাৎপর্য অনেক গভীর। দিনটিকে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে।
সূর্যোদয়ের সাথে সাথে জেলার সকল সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৬ টায় শহরের অম্বিকা ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক অতুল সরকার শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। পরে পুলিশ সুপার, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি, বেসরকারি ও সামাজিক ও রাজনৈতিক সংগঠনসমুহ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার ছাড়াও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মনিরুজ্জমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
অন্যান্য অনুষ্ঠানের মধ্যে সকাল ৮.৩০ বঙ্গবন্ধু ম্যারাথন, বেলা ১১ টায় সাইকেল র্যালী, সুবিধাজনক সময়ে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণ ও ফরিদপুরে বঙ্গবন্ধু বিষয়ে আলোচনা সভা, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রচার, বঙ্গবন্ধুর জীবনের উপর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও তথ্যচিত্র প্রদর্শন, বাদ যোহর ও সুবিধাজনক সময়ে জেলার সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপসনালয়ে দোয়ার ব্যবস্থা, বিকেল ৩.৩০ টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের মুজিববর্ষ মঞ্চে শতকন্ঠে ৭ মার্চের ভাষণ পাঠ, ভাষণ প্রতিযোগীতা, আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ এবং রাত ৮ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণিল আলোক উৎসব অনুষ্ঠিত হবে।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/এসজে