শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে ১০ হাজার টাকা: গুজব না সত্যি?

করোনাকালে প্রায় বছরখানিক ধরে বন্ধ আছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এমন সময় জানা গেল, করোনা ভাতা হিসেবে শিক্ষার্থীদেরকে ১০ হাজার টাকা করে অনুদান দিচ্ছে সরকার। এই খবর শুনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভিড় জমাতে থাকেন হাজার হাজার শিক্ষার্থী।

শনিবার (০৬ মার্চ) কুড়িগ্রাম শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই দৃশ্য দেখা যায়। আচমকা শহরের শিক্ষার্থীদের যাতায়াত বেড়ে যাওয়ায় শুরু হয় তীব্র যানজটের। হাজার শিক্ষার্থী ভিড় জমিয়েছেন শহরে। অভিভাবকদের সাথে নিয়ে তারা শহরের ফটোকপি ও অনলাইন সেবাদাতা দোকনাওগুলোতে হুমড়ি খেয়ে পড়েন।

শিক্ষা মন্ত্রণালয়ের চিঠির বরাত দিয়ে কুড়িগ্রামের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা জানান, চলতি বছরে শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশেষ অনুদানের জন্য আবেদন চাওয়া হয়েছে। যে সব শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থী দুরারোগ্য ব্যাধি ও দৈব দুর্ঘটনার শিকার তারাই এই অনুদানের জন্য আবেদন করতে পারবেন। চিঠিতে উল্লেখ করা হয় দুস্থ, প্রতিবন্ধী, গরিব ও অনগ্রসর ছাত্র-ছাত্রীরা অগ্রাধিকার পাবেন। এই আবেদনের শেষ সময় ৭ মার্চ। তবে এটি করোনা প্রণোদনা বা স্টুডেন্ট ভাতা না।

এ বিষয়ে শিক্ষার্থীরা জানান, করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ১০ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে শুনে তারা প্রতিষ্ঠান প্রধানের কাছে থেকে প্রত্যায়ন নিয়ে অনলাইন আবেদনের জন্য ভিড় করে। এই ভাতা পাওয়ার জন্য প্রতিষ্ঠান থেকে প্রত্যায়ন নিতে গেলে তাদের কাছ থেকে ৫০-২০০ টাকা করে নেওয়া হয়।

এ বিষয়ে কুড়িগ্রামের জেলা শিক্ষা কর্মকর্তা মো. শামসুল আলম গণমাধ্যমকে জানান, তাদের কাছে করোনার কোনো অনুদানের কাছে চিঠি আসেনি। একটি মহল গুজব ছড়িয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করে স্বার্থ হাসিল করতে চায় বলে তার মনে হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর