ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে হেরেছিল শ্রীলঙ্কা। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে দুইদল। এদিন তিন স্পিনারের দাপুটে বোলিংয়ে উইন্ডিজদের উড়িয়ে দিয়ে সিরিজে ফিরে লঙ্কানরা।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার ৬ উইকেট হারিয়ে ১৬০ রান করে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে ১৮.৪ ওভারে ১১৭ রানেই অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এর ফলে ৪৩ রানে জয় পেয়েছে শ্রীলঙ্কা। এতে ১-১ সমতায় রয়েছে সিরিজ।
প্রথমে ব্যাট করতে নেমে দানুশকা গুনাথিলাকা ও পাথুম নিশানকার উদ্বোধনী জুটিতে আসে ৯৫ রান। ৩৭ রান করে রান আউটের শিকার হয়ে ফিরেন নিশানকা। তবে হাফসেঞ্চুরি হাঁকান গুনাথিলাকা। শেষ পর্যন্ত ৫৬ রান করে ফিরেন তিনি।
এছাড়াও শ্রীলঙ্কার হয়ে আশেন বান্দারা ২১, অ্যাঞ্জেলো ম্যাথিউস ১৩ রান করেন। ১১ বলে ১৯ রানে অপরাজিত ছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। উইন্ডিজদের হয়ে ডোয়াইন ব্রাভো ২টি, জেসন হোল্ডার ও ওবেদ ম্যাককয় ১টি করে উইকেট শিকার করেন।
এদিন ব্যাট হাতে ব্যর্থ ছিলেন এভিন লুইস, ক্রিস গেইল, কাইরন পোলার্ডরা। শ্রীলঙ্কার তিন স্পিনার আকিলা ধনাঞ্জয়া, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও লাকশান সান্দাকান তাদের দাঁড়াতেই দেননি।
উইন্ডিজদের পক্ষে ৭ বলে সর্বোচ্চ ২৩ রানের ইনিংস খেলেন লোয়ার অর্ডারে নামা ওবেদ ম্যাককয়। দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান আসে ওপেনার লেন্ডল সিমন্সের ব্যাট থেকে। এছাড়াও গেইল ১৬, পোলার্ড ১৩ ও ফ্যাবিয়ান অ্যালেন ১২ রানের ইনিংস খেলেন। বাকি কেউ দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।
তিন লঙ্কান স্পিনার ধনাঞ্জয়া ৪ ওভারে ১৩ রান দিয়ে ১ উইকেট, হাসারাঙ্গা ৪ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট, সান্দাকান ৩.৪ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। এছাড়াও দুশমান্থে চামিরা ২টি ও গুনাথিলাকা ১টি উইকেট শিকার করেন।
বার্তাবাজার/নব