সেতু আছে রাস্তা নাই!

ময়মনসিংহের নান্দাইলের চিকনী খালের ওপর পাকা সেতুটির সংযোগ সড়ক না থাকায় ২২ বছর ধরেই তাতে বাঁশের মই লাগিয়ে পার হচ্ছে লোকজন।যার কারণে প্রতিদিন হাজার লোক দুর্ভোগের শিকার হচ্ছেন।

নান্দাইল- দেওয়ানগঞ্জ পাকা সড়কের চাঁনপুর ঈদখানা মাঠ থেকে মেরাকোনা গ্রাম ও পৌর মহল্লার কান্দাপাড়া হয়ে একটি পাকা রাস্তা

২২ বছর আগে ১০৫ ফুট দৈর্ঘ্য ও ৯ ফুট প্রস্থের সেতুটি নির্মাণ করা হলেও সংযোগ সড়কের অভাবে সেটি মানুষের কোনো কাজে আসছে না। সেতুটির দক্ষিণ এবং উত্তর দিকে এক কিলোমিটার করে রাস্তার অবস্থা বড়ই করুণ। কোথাও কোথাও দু’পাশের বিলের পানির সঙ্গে রাস্তাটি একাকার হয়ে যেতে দেখা গেছে। সংযোগ সড়ক না থাকায় দীর্ঘদিন ধরে এলাকার লোকজন সেতুটি ব্যবহার করতে পারছে না। সেতুর দু’পাশে বাঁশের তৈরি মই লাগিয়ে সেতুটি পারাপার হতে গিয়ে তারা অবর্ণনীয় দুর্ভোগের শিকার হচ্ছেন।

মেরাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী কান্দাপাড়া গ্রামের রুনা আক্তার জানায়, সেতুটি পার হয়ে বিদ্যালয়ে যেতে প্রায়ই তাদের বইখাতা পানিতে পড়ে যায়।

মেরাকোনা গ্রামের শাহ আলী বলেন, নির্বাচন এলে নেতারা সড়ক করে দেবেন বলে ভোট নেন, কিন্তু পরে আর খবর নেন না। সেতুটি ১৯৯৭ সালে নির্মিত।

শেরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব উদ্দিন বলেন, সেখানে গাইড ওয়াল দিয়ে সংযোগ সড়ক তৈরি করার মতো অর্থ পরিষদের নেই।

নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল বলেন, ওইখানে জরুরি ভিত্তিতে সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

নান্দাইল উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আবুল খায়ের মিয়া বলেন, তারা প্রথমে উপজেলা সড়ক এবং পরে ইউনিয়ন ও সর্বশেষে গ্রামের সড়ক পাকাকরণের কাজ করে থাকেন। সম্ভবত ওই ইউনিয়নে সংযোগ সড়ক নির্মাণের মতো প্রয়োজনীয় বাজেট নেই। তাই তারা করতে পারছেন না।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর