বাড়ির ভেতরে যেভাবে দিন কাটছে খালেদা জিয়ার

২ বছরের বেশি সময় ধরে কারাবন্দি থাকার পর সরকারি সিদ্ধান্তে মুক্তির পর গুলশানের ফিরোজা নামের বাড়িটিতেই বিএনপির শীর্ষ নেত্রী খালেদা জিয়া প্রায় ১ বছরেরও বেশি সময় ধরে আছেন। নেত্রীর সঙ্গে দেখা করতে না পারায় ক্ষুব্ধ দলের নেতাকর্মীরা প্রায়ই বলে থাকেন, নেত্রীকে কারাগার থেকে মুক্তি দেওয়া হলেও তিনি কার্যত গৃহবন্দি, তাকে ফিরোজা নামে বন্দিশালায় সরকার আটকে রেখেছে।

ফিরোজা নামের এই বাসার বাইরে বেরোতে পারেন না খালেদা জিয়া। তিনি বাড়ির চার দেয়ালের বাইরে যাননি গত এক বছরে। তাকে বাড়ির ছাদ বা আঙিনাতেও কখনও দেখা যায়নি। তার সঙ্গে উৎসব-পার্বন ছাড়া দলের শীর্ষস্থানীয় নেতারাও দেখা করার সুযোগ পান না, তৃণমূল তো দূরের কথা। মুক্তির শর্ত হিসেবে খালেদা জিয়া দলীয় কোনো নির্দেশনাও দিতে পারছেন না।

খালেদার বাসার নিরাপত্তা কর্মীরা জানান, মাঝে মাঝে খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, বোন সেলিমা ইসলাম, কিংবা ভাইয়ের স্ত্রী আসেন দেখা করতে। এ ছাড়া তাকে দেখতে আসেন মেডিকেল টিম। দলীয় কোনো নেতাকর্মীদের এই বাড়িতে ঢুকতে দেওয়া হয় না। খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের কেউ কেউ মামলার প্রয়োজনে তার সঙ্গে দেখা করেন কালেভদ্রে। তাও অনুমতি নিয়ে, বহু আয়োজন করে এই সাক্ষাৎ করা লাগে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত এক বছরে অবনতি হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসক ও স্বজনরা।

জানা গেছে, খালেদা জিয়ার দিনের বেশিরভাগ সময় কাটে খবরের কাগজ ও বই পড়ে। তিনি নিয়মিত নামাজ পড়েন। পরিমান মতো খাবার খান, সেটিও চিকিৎসকের পরামর্শে। এছাড়া টেলিভিশনে খবর দেখেন মাঝেমধ্যে। আত্মীয় স্বজনরা আসলে তাদের সঙ্গে গল্প করেন তিনি। তবে তিনি খুব কম কথা বলেন।

এছাড়াও আরও জানা যায়, গত ১ বছরে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোন উন্নতি হয়নি। মেডিকেল টিম বারবার বলে আসছে, ৭৬ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী আর্থ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, চোখের প্রদাহ, হৃদ্রোগসহ নানা জটিলতায় ভোগছেন।

খালেদা জিয়ার চিকিৎসায় ৪–৫ জনের একটি মেডিকেল টিম রয়েছে। এছাড়া তার শারীরিক বিভিন্ন সমস্যা নিয়মিতভাবে তত্ত্বাবধান করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, গত ১২ মাসে খালেদা জিয়ার অবস্থার আরও অবনতি হয়েছে। কারও সাহায্য ছাড়া তিনি চলাফেরা করতে পারেন না।

এ বিষয়ে খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম বলেন, উনি ভালো নেই, তার শরীর ভালো না। তার সঠিক চিকিৎসা প্রয়োজন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর