আইনমন্ত্রীর উপস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই মেয়রপ্রার্থীর সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন, ভাঙচুর করা হয়েছে কয়েকটি মোটরসাইকেল।
শুক্রবার (৫ মার্চ) বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আইনমন্ত্রী আনিসুল হক কসবা উপজেলায় সড়ক পথে উপজেলা পরিষদ চত্বরে স্মার্ট ভোটার কার্ড বিতরণ করতে আসছিলেন। মন্ত্রী আসার প্রাক্কালে কসবা পৌরসভার নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র এমরান উদ্দিন জুয়েল এবং মেয়র প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি এমএ আজিজের সমর্থকরা বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।
এর কিছুক্ষণ পর দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। তবে কিসের থেকে সংঘর্ষের সূত্রপাত তা বলা যায়নি। প্রায় ১৫মিনিট সংঘর্ষ শেষে পরিস্থিতি শান্ত হয়।
এরপর আইনমন্ত্রী উপজেলা পরিষদে আসেন পূর্বনির্ধারিত অনুষ্ঠানে যোগ দিতে। অনুষ্ঠান চলাকালে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েন জুয়েল-আজিজ সমর্থকরা। তবে কি থেকে সংঘর্ষের সূত্রপাত কেউ জানাতে পারেননি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।
কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, এখনো পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হচ্ছে।
পারভেজ/বার্তাবাজার/ভি.এস