নেই কোনও থাকার জায়গা, নেই কোনো ঠিকানা। এমতাবস্থায় ফুটপাতেই সন্তান প্রসব করেন অসহায় এক নারী। সদ্য প্রসূত সন্তান নিয়ে মানুষের চলাচলের রাস্তায় কাতরাচ্ছিলেন তিনি। তার এই অবর্ণনীয় কষ্ট দেখে ছুটে এল পুলিশ, স্থাপন করল মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।
জানা গেছে, চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকার ফুটপাতে সন্তান প্রসব করেন ওই নারী। তিনি মানসিক ভারসাম্যহীন। বিষয়টি দেখেও পাশ কেটে যাচ্ছিলেন অনেকেই। হৃদয়বিদারক ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে।
পরে বন্দর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমান উল্লাহর চোখে পড়ে বিষয়টি। ওই নারী ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। সঙ্গে সঙ্গে আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে নবজাতকসহ ওই নারীকে উদ্ধার করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি করেন পুলিশের ওই কর্মকর্তা।
এএসআই আমান উল্লাহ বৃহস্পতিবার (৪ মার্চ) রাতে সাংবাদিকদের বলেন, রাতে আমার ডিউটি ছিল। ডিউটি শেষে থানায় ফিরছিলাম। পথিমধ্যে ফুটপাতের পাশে মানসিক ভারসাম্যহীন ওই নারী সন্তান প্রসব বেদনায় ছটফট করছিলেন, দৌড়ে গিয়ে দেখি তার অবস্থা আশঙ্কাজনক। পরে সঙ্গে থাকা পুলিশ সদস্যদের নিয়ে ওই নারীকে নগরের মা ও শিশু হাসপাতালে ভর্তি করি।
তিনি আরও বলেন, সারাদিন হাসপাতালে ছিলাম। এখন রাত ১১টা বাজে। মাত্র বাসায় এলাম। মা-মেয়ে দু’জনই ভালো আছে।
বার্তাবাজার/ভি.এস