উন্নয়নশীল দেশে উত্তরণ করায় বাংলাদেশকে অভিনন্দন জানাল জাতিসংঘ

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করায় সম্প্রতি এক ভিডিও বার্তার মাধ্যমে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

অভিনন্দন বার্তায় জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, বাংলাদেশ পৃথিবীর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করায় আমি খুবই আনন্দিত। এই উত্তরণ স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে দেশটি লক্ষ-কোটি মানুষের দারিদ্র্য ও ক্ষুধামুক্তির অঙ্গীকারসহ অন্তর্ভুক্তিমূলক এবং ক্রমবর্ধনশীল অর্থনীতি প্রতিষ্ঠায় কাজ করছে।

জাতিসংঘের মহাসচিব আরও বলেন, নারীর ক্ষমতায়ন ও শিক্ষার সুযোগ প্রসারের ক্ষেত্রে সাফল্যের জন্যেও আমি বাংলাদেশকে সাধুবাদ জানাই। উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণ বাংলাদেশের জন্য একটি মাইলফলক। বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়ন এজেন্ডা ২০৩০ বাস্তবায়নের জন্য দূরদর্শিতা, দৃঢ় জাতীয় নেতৃত্ব ও বিচক্ষণ নীতি ও কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের উত্তরণের এই জায়গায় জাতিসংঘের সহায়তা বজায় থাকবে।

এর আগে গত শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ অবশ্যই আমাদের জন্য গর্বের ও এক ঐতিহাসিক ঘটনা।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর