টেকসই নির্মাণে প্রয়োজন প্রশিক্ষিত শ্রমিক: এলজিআরডি মন্ত্রী

দেশে সকল ভৌত অবকাঠামোসহ অন্যান্য কর্মকান্ড টেকসই করতে প্রশিক্ষিত দক্ষ নির্মাণ শ্রমিক প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

বুধবার (৩ মার্চ) ভার্চুয়ালি সংযুক্ত হয়ে দক্ষ শ্রমিক বিনির্মাণে এলজিইডি নির্মিত ‘নির্মাণ দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্র’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা জানান।

মন্ত্রী বলেন, দেশ উন্নয়নের পথে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। দেশে প্রচুর অবকাঠামো নির্মাণ হচ্ছে। এসব কর্মকাণ্ড টেকসই করার লক্ষ্যে প্রয়োজন দক্ষ প্রকৌশলী, ঠিকাদার এবং নির্মাণ শ্রমিক। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক স্থাপিত নির্মাণ দক্ষতার প্রশিক্ষণ কেন্দ্র দক্ষ শ্রমিক নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি।

তাজুল ইসলাম বলেন, যে সকল শ্রমিক প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণ করবেন তাদের অভিজ্ঞতা অনুযায়ী সার্টিফিকেট দেয়া হবে। এই সার্টিফিকেট দিয়ে তারা যেন দেশ ও দেশের বাইরে কাজ করার পাশাপাশি দক্ষ শ্রমিক হিসেবে চিহ্নিত হয় সে ব্যবস্থা করতে হবে।

মন্ত্রী আরো বলেন, অনেক ছেলে-মেয়ে চাকরি না করে ঠিকাদারি হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। প্রকৌশলীগণ বিভিন্ন বিশ^বিদ্যালয় ও কলেজ হতে লেখা-পড়া করে আসেন কিন্তু যারা ঠিকাদার হিসেবে কাজ করেন বা নির্মাণ কাজের সাথে শ্রমিক হিসেবে জড়িত হন তাদের কোন ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা বা প্রশিক্ষণ থাকে না। তাদেরকে যদি পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় তাহলে দেশে অনেক নতুন ঠিকাদার তৈরি করা সম্ভব।

উল্লেখ্য, স্থানীয় সরকার মন্ত্রীর একান্ত ইচ্ছায় এবং নির্দেশনায় এলজিইডির আওতায় প্রথমবারের মতো একটি প্রশিক্ষণ কেন্দ্র অর্থাৎ নির্মাণ দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্র প্রাতিষ্ঠানিক রূপ পেলো। ২০৪১ সালের ভিশন অনুযায়ী উন্নত দেশ গড়ার উপযোগী দক্ষ মানবসম্পদ সৃষ্টির লক্ষ্যে এ নির্মাণ দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ। এছাড়া, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মেসবাহ উদ্দিন এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান, ডঃ মোঃ মোরাদ হোসেন মোল্ল্যাসহ এলজিইডির সকল অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, জেলা নির্বাহী প্রকৌশলীগণ কর্মকর্তাবৃন্দ ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর