নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং সেতুমন্ত্রীর ভাই আব্দুল কাদের মির্জাকে আওয়ামী লীগ থেকে বহিস্কারের জন্য সুপারিশ করেছেন বিভিন্ন পর্যায়ের ৪২ নেতা।
মঙ্গলবার (২ মার্চ) অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়। একইসাথে সভায় উপস্থিত ৪২ নেতা আর কখনও আব্দুল কাদের মির্জার সাথে কোনো প্রকারে দল করবেন না বলে শপথ নেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াতের সভাপতিত্বে চরকাঁকড়া গ্রামে তার নিজ বাড়িতে দলীয় ওই সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগ্নে সাবেক ছাত্রলীগ সভাপতি মাহবুবুর রশীদ মঞ্জু, ফখরুল ইসলাম রাহাত, সাবেক ছাত্রনেতা আলাল, চরহাজারী ইউপি চেয়ারম্যান নুরুল হুদা, চরএলাহী ইউপি চেয়ারমান আবদুর রাজ্জাকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান বলেন, বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলোর বিষয়ে গণমাধ্যমকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। তবে আবদুল কাদের মির্জার সঙ্গে ভবিষ্যতে রাজনীতি করবো না এবং তাকে দল থেকে বহিষ্কারের সুপারিশ কেন্দ্র ও জেলায় পাঠানো হয়েছে।
এর আগে ২০ ফেব্রুয়ারি কাদের মির্জাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের ২ ঘণ্টার মধ্যে ফের সেই আদেশ প্রত্যাহার করা হয়।
বার্তাবাজার/এসজে