ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সেক্রেটারিসহ আটক ৭, কিছুক্ষণ পরই মুক্তি

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হয়ে কারাগারে মৃত্যুবরণ করা লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে ও ডিজিটাল নিরাপত্তা আইনের বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায় মশাল মিছিল থেকে গ্রেফতার ৭ জনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৩ মার্চ) জামিন নামঞ্জুরের আদেশ পাওয়ার পর আদালত চত্বরে বিক্ষোভ করায় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের আরও ৭ নেতাকে আটক করেছে পুলিশ। এর কিছুক্ষণ পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংগঠনটির সহ-সম্পাদক খাইরুল ইসলাম জাহিন। ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতেও নেতৃবৃন্দকে আটকের পর ছেড়ে দেওয়ার কথা জানানো হয়।

আটককৃতরা হলেন, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দীপক শীল, স্কুলছাত্র বিষয়ক সম্পাদক প্রীতম ফকির, কোষাধ্যক্ষ শামীম হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আসমানি আশা, শরীয়তপুর জেলা সংসদের সভাপতি সাইফ রুদাদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সম্পাদক শাহ সাকিব সোবহান, মহানগর সংসদের সদস্য প্রীজম ফকির।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুতে বাম ছাত্র সংগঠনগুলো মশাল মিছিল বের করে।

সংগঠনগুলোর নেতা–কর্মীরা জানান, মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু করে শাহবাগ এলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে। এতে অন্তত ১৫ জন মিছিলকারী আহত হন।

এর এক দিন পর ২৭ ফেব্রুয়ারি সকালে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মিন্টু মিয়া বাদী হয়ে দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৯, ১৮৬, ৩৩২, ৩৩৩, ৩৫৩, ৩০৭, ৪২৭ ও ১০৯ ধারায় মামলাটি দায়ের করেন। সূত্র- দেশ রুপান্তর।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর